
নিউজ ডেস্কঃ দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক নৌমন্ত্রী শাজাহান খান। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে মাদারীপুরের ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। শাজাহান খান বলেন, এই বিদ্যালয়ে পড়াশোনা করেছেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সে সময় এই স্কুল কি ছিল, আজ এই স্কুলের কত উন্নয়ন হয়েছে! শেখ হাসিনার সময় যে উন্নয়ন হয়েছে, তা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানাই। শিক্ষার্থীদের উদ্দেশে শাজাহান খান বলেন, তোমরা বাড়িতে গিয়ে তোমার অভিভাবকদের কাছে সবসময় টাকা, খাবারসহ অনেক কিছু চাও। এবার গিয়ে আবদার করবে, দেশের জন্য শেখ হাসিনা যে উন্নয়ন করেছেন, সেই উন্নয়ন চলমান রাখতে শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দিতে এবং আবারও তাকে ক্ষমতায় এনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।