
নিউজ ডেস্কঃ বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছে। রোববার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঘটনাটি ঘটে। রাত ৩টা পর্যন্ত ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছিল। এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবীতে সোমবার (২০ ফেব্রুয়ারি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা। ক্যাম্পাস সূত্রে জানা গেছে, ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ছাত্র আল সামাদ শান্ত ও আইন বিভাগের মাহামুদুল হাসান তমাল গ্রুপের সঙ্গে আধিপত্য বিস্তার নিয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের ছাত্র আতাউর রাফি ও বাংলা বিভাগের তাহমিদ হাসান নাভিদ গ্রুপের বিবাদ চলছিল। ছাত্রলীগের এ সদস্যরা পৃথক দুটি গ্রুপের অনুসারী। ববি ছাত্রলীগ নেতা আতাউর রাফি জানান, দিন দুয়েক আগে রুপাতলীতে বহিরাগতদের সঙ্গে তাদের ঝামেলা হয়। রোববার সেটি মীমাংসার কথা ছিল। কিন্তু বহিরাগতরা দেশিয় অস্ত্র নিয়ে রাত ১০টার দিকে তাদের ওপর হামলা চালায়। দফায় দফায় হামলায় তিনজন আহত হন। হামলার ঘটনায় বহিরাগতদের সঙ্গে যোগ দেন আল সামাদ শান্ত ও মাহামুদুল হাসান তমালের বাহিনী।