
নিউজ ডেস্কঃ স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ নিয়ে ভয়ের কিছু নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ।তবে সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘বেসরকারিখাতের দৃষ্টিতে ২০২২-২৩ অর্থবছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর ২০২২) বাংলাদেশের অর্থনীতির সামগ্রিক পর্যালোচনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে যোগ দেন সচিব। সেখানেই এ মন্তব্য করেন। সেমিনারে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) (অতিরিক্ত দায়িত্ব) মোহসিনা ইয়াসমিন বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নেন। তপন কান্তি ঘোষ সেমিনারে বলেন, এলডিসি উত্তরণ নিয়ে আমাদের ভয় পাওয়ার কিছু নেই। সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদেরকে প্রস্তুত করতে হবে। বিশেষ করে এলডিসি পরবর্তী সময়ে রপ্তানি পণ্যের শুল্কমুক্ত সুবিধা পেতে হলে ভ্যালু অ্যাডিশনের উপর আরও বেশি হারে জোর দিতে হবে। এ লক্ষ্যে বিশেষ করে ব্যাকওয়ার্ড লিংকেজ খাতে দক্ষতা বৃদ্ধিতে আরও বেশি হারে মনোনিবেশ করা প্রয়োজন।