
নিউজ ডেস্কঃ সুন্দরবনের করমজলে যাওয়ার পথে ১৩ জন পর্যটক নিয়ে একটি জালিবোট (ইঞ্জিন চালিত ট্রলার) পশুর নদীতে উল্টে গেছে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাটের মোংলা উপজেলার বনবিভাগের ঘাট সংলগ্ন পশুর চ্যানেলে এই ঘটনা ঘটে। এতে ট্রলার চালকসহ ১৩ পর্যটক নদীতে পড়ে যান। তবে, টুরিস্ট পুলিশ ও স্থানীয় ট্রলার চালকরা সবাইকে নিরাপদে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন। দুর্ঘটনার কবলে পড়া যাত্রীরা মেহেরপুরের গাংনি উপজেলা থেকে সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে ঘুরতে আসছিলেন। সড়ক পথে মোংলা বাসস্ট্যান্ডে নেমে জালিবোটে করমজল যাওয়ার পথে দুর্ঘটনায় পড়েন তারা। তারা অধিকাংশই পল্লী সঞ্চয় ব্যাংক লি. গাংনি উপজেলা শাখায় কর্মরত। পল্লী সঞ্চয় ব্যাংক লি. গাংনি উপজেলা শাখার ব্যবস্থাপক মো. আলমগীর হোসেন বলেন, মোংলা ঘাট থেকে কিছুদূর যাওয়ার পরই ট্রলারটি উল্টে আমরা সবাই নদীর মধ্যে পড়ে যাই। তখন সাঁতরে বাঁচার চেষ্টা করি। দুর্ঘটনার খুব অল্প সময়ের মধ্যেই টুরিস্ট পুলিশ ও স্থানীয় ট্রলারের চালকরা আমাদের উদ্ধারে এগিয়ে আসেন। আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন।