
নিউজ ডেস্কঃ স্মার্ট বাংলাদেশ গড়তে বিদ্যুৎখাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা থেকে বেরিয়ে স্বল্প ও মধ্য মেয়াদী পরিকল্পনায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। পাশাপাশি বিদ্যুৎ খাতকে উন্নত করতে প্রযুক্তি নির্ভরতা বাড়ানোর তাগিদ দিয়েছেন তিনি। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর পূর্বাচলে অবস্থিত বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ‘ফ্রম ডিজিটাল বাংলাদেশ টুওয়ার্ডস স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে দক্ষিণ এশিয়ার তথ্যপ্রযুক্তির সবচেয়ে বড় প্রদর্শনী ১৭তম বেসিস সফট এক্সপো-২০২৩ এর দ্বিতীয় দিনে মিনিষ্টারিয়াল কনফারেন্স অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রদর্শনীটির আয়োজন করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।তিনি বলেন, আমি স্মার্ট বাংলাদেশ চিন্তা করি, কারণ পৃথিবী অনেকদূর এগিয়ে গেছে। আমাদের তড়িৎ গতিতে পরিকল্পনা করতে হবে। দীর্ঘমেয়াদি পরিকল্পনা করা যাবে না। বিদ্যুতে আমরা এ পরিকল্পনায় ছিলাম, আমরা সরে এসেছি। আমাদের মোটো হচ্ছে এখন বড় পরিকল্পনা নয়, এখন বাস্তবায়নের সময়। এ লক্ষ্যে বেসিস একটা বিরাট সচেতনতা তৈরি করেছে তরুণদের মধ্যে। শুধু তরুণ নয়, পাশাপাশি বয়স্কদের মধ্যেও ভূমিকা রাখছে।