রানা দাশগুপ্ত বলেন, ‘এসব প্রতিশ্রুতি বাস্তবায়নে জুনের মাঝামাঝি কোনো উদ্যোগ গ্রহণ না করা হলে জুলাই মাসের মাঝামাঝির পর ঢাকাসহ সারা দেশে আমরণ অনশন কর্মসূচি করব। আমরণ কর্মসূচি চলা পর্যন্ত দেশের আটটি বিভাগে আটটি বিভাগীয় সমাবেশ করব। সমাবেশ থেকে আমাদের দাবি সরকারের কাছে তুলে ধরব। এরপরও দাবি বাস্তবায়ন না হলে আগামী নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায় ভোট কেন্দ্রে যাবে কি না, তা তাঁদেরকে ভেবে দেখতে হবে।’অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি ঊষাতন তালুকদার। তিনি বলেন, ধর্মীয় রাষ্ট্র করার জন্য ৩০ লাখ মানুষ রক্ত দেয়নি। এই দেশকে আফগানিস্তান হতে দেওয়া হবে না।
সারা দেশে এখন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার দাবি উঠছে উল্লেখ করে ঐক্য পরিষদের অন্যতম সভাপতি অধ্যাপক নিমচন্দ্র ভৌমিক বলেন, গণতন্ত্রের মূল কথা হলো সব নাগরিকের সমঅধিকার, সমমর্যাদা ও সুযোগের সমতা। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গেলে সব জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা করতে হবে। সে কারণে মনে করি এসব দাবি বাস্তবায়ন করা উচিত।আওয়ামী লীগ সরকারের এসব দাবি বাস্তবায়নে উদ্যোগী ভূমিকা বলার আগেই নেওয়া উচিত ছিল। এই অবহেলা কেন হলো তা যাচাই করে দেখা দরকার বলে মনে করেন ঐক্য পরিষদের অন্যতম সভাপতি নির্মল রোজারিও।ঐক্য পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য কাজল দেবনাথ বলেন, ‘জুনের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে এবারের নির্বাচনে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর ভোট আপনারা (আওয়ামী লীগ) পাবেন না। আমরা ভোট কেন্দ্রে যাব না।’সমাবেশে আরও বক্তব্য দেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতিমন্ডলীর সদস্য সঞ্জীব দ্রং, রঞ্জন কর্মকার, যুগ্ম সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ, শ্যামল কুমার রায় প্রমুখ।
