
নিউজ ডেস্কঃ পবিত্র ওমরাহ পালন করতে গিয়ে সৌদি আরবের জেদ্দা-মদিনা সড়কে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
নিহতরা হলেন, নরসিংদীর শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের দক্ষিণ সাধারচর পূর্বপাড়া গ্রামের আবদুল মালেক মেম্বার (৭৪) ও তার ভাগিনা শাকিল আহমেদের স্ত্রী তাসলিমা বেগম (২০)। আর আহতরা হলেন- মালেক মেম্বারের ছেলে জেদ্দা বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের বাংলা শাখার পরিচালনা কমিটির চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, তার স্ত্রী, মেয়ে, ভাগিনা শাকিল আহমেদ ও শ্যালক। তারা বর্তমানে মদিনার স্থানীয় ওয়াদি ফারাহ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।