
আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন পঞ্চম প্রজন্মের এফ-৩৫ যুদ্ধবিমান উৎপাদন কর্মসূচি থেকে তুরস্ককে বের করে দেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে আঙ্কারাকে জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার কাছ থেকে তুরস্কের এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার প্রতিবাদে এ ব্যবস্থা নিল ওয়াশিংটন। তুরস্কের বার্তা সংস্থা আনাতোলি এ খবর জানিয়েছে। এর আগে ২০১৯ সালে মার্কিন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছিল, রাশিয়ার কাছ থেকে এস-৪০০ কেনার কারণে আমেরিকা তুরস্ককে পঞ্চম প্রজন্মের এফ-৩৫ কর্মসূচি থেকে বাদ দিয়েছে। এবার বিষয়টি আনুষ্ঠানিকভাবে আঙ্কারাকে জানাল ওয়াশিংটন।
এই কর্মসূচিতে তুরস্ক ও আমেরিকার পাশাপাশি, ব্রিটেন, কানাডা, ডেনমার্ক, অস্ট্রেলিয়া, ইতালি, হল্যান্ড ও নরওয়ের অংশগ্রহণ করার কথা ছিল। চুক্তিতে বলা হয়েছিল, এই নয় দেশের প্রতিটি দেশ এফ-৩৫ যুদ্ধবিমানের কোনো না কোনো অংশ তৈরি করবে এবং শেষে আমেরিকা, ইতালি ও জাপানে অবস্থিত কারখানায় এসব অংশ জোড়া লাগিয়ে যুদ্ধবিমান তৈরি করা হবে। কিন্তু এবার সে কর্মসূচি তুরস্ককে ছাড়া বাকি আট দেশ এগিয়ে নেবে।