
আন্তর্জাতিক ডেস্কঃ ইরাকের রাজধানী বাগদাদে একটি করোনা হাসপাতালে আগুন লেগে কমপক্ষে ২৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪৬ জন। স্থানীয় সময় শনিবার (২৪ এপ্রিল) বাগদাদের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার কাজে ব্যবহৃত ওই হাসপাতালে এই দুর্ঘটনা ঘটে। কয়েকটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। তবে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বলছে, ওই দুর্ঘটনায় মারা গেছেন ২৩ জন। রয়টার্স জানিয়েছে, ইরাকের রাজধানীর দিয়ালা ব্রিজ এলাকায় ইবনে খতিব হাসপাতালে অগ্নিকাণ্ডের পর এই হতাহতের ঘটনা ঘটে। হাসপাতালের আইসিইউতে থাকা অক্সিজেন ট্যাংক বিস্ফোরণের পর এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।