
আন্তর্জাতিক ডেস্কঃ ভারত ও পাকিস্তানের সঙ্গে সব ধরনের বিমান চলাচল বন্ধ করে দিয়েছে ইরান। শনিবার ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র মোহাম্মাদ হাসান জিবাখশ আইআরআইবি’কে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, ভারত ও পাকিস্তানে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ায় ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে। শনিবার রাত ১২টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ভারত ও পাকিস্তানগামী এবং ওই দুই দেশ থেকে ইরানগামী নির্ধারিত সকল বিমান চলাচল বন্ধ থাকবে। এখন থেকে ওই দু'দেশের সঙ্গে জরুরি প্রয়োজনে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হবে কিন্তু কোনো নিয়মিত ফ্লাইট চলবে না। ভারত ও পাকিস্তান হয়ে কোনো কানেক্টিং ফ্লাইটও ইরানের সঙ্গে চালানো যাবে না।