
আন্তর্জাতিক ডেস্কঃ ইংল্যান্ডে জারি থাকা করোনা ভাইরাস নিষেধাজ্ঞার বিরুদ্ধে বড় ধরনের বিক্ষোভ হয়েছে। এ বিক্ষোভ থেকে পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। এছাড়া আহত হয়েছেন আট পুলিশ কর্মকর্তা। গতকাল শনিবার লন্ডন পুলিশ এ তথ্য জানিয়েছে। ইংল্যান্ডে করোনা প্রতিরোধে এখনো মাস্ক ব্যবহার বাধ্যতামূলক রয়েছে। এছাড়া তথাকথিত টিকা পার্সপোর্টও চালু হতে যাচ্ছে।
বিক্ষোভকারীরা দুপুরের পর পরই জড় হয় এবং অক্সফোর্ড স্ট্রিটসহ বড় বড় রাস্তাগুলোতে মিছিল করে। ছবি ও ভিডিওতে দেখা গেছে মিছিলে হাজার হাজার লোক অংশ নিয়েছে। এছাড়া তারা হাইড পার্কেও সমাবেশ করেছে। সেখানেই বিশৃঙ্খলা দেখা দেয় বলে লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আট পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। এদের মধ্যে দু’জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। পুলিশের ওপর হামলায় জড়িত থাকার কারণে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।