News71.com
 Bangladesh
 23 Jul 16, 06:40 PM
 456           
 0
 23 Jul 16, 06:40 PM

ভারীবর্ষণে বিপদসীমা অতিক্রম করেছে যমুনার পানি।।

ভারীবর্ষণে বিপদসীমা অতিক্রম করেছে যমুনার পানি।।

নিউজ ডেস্কঃ ভারীবর্ষণ ও পাহাড়ি ঢলে দ্রুত পানি বৃদ্ধির ফলে জামালপুরের বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ২৬ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বর্তমানে জামালপুরের বকশীগঞ্জ, মাদারগঞ্জ, ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলার নিম্নাঞ্চলের ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়েছে এসব এলাকার প্রায় ১৫ হাজার মানুষ।

জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নবকুমার চৌধুরী বলেন, বাহাদুরাবাদ ঘাট এলাকায় গত ২৪ ঘণ্টায় যমুনা নদীতে ২৬ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে পানি পরিমাপক স্কেলের ১৯.৬৫ সেন্টিমিটার পয়েন্টে অবস্থান করছে। ফলে বিপদ সীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

স্থানীয়রা বলেন, ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামের এক কিলোমিটার এলাকা জুড়ে যমুনার পূর্বতীরে ভয়াবহ নদীভাঙন চলছে। যমুনার ভাঙনে গত দুইদিনে ঘোনাপাড়া গ্রামের ৩০টি বসতভিটা নদীগর্ভে বিলীন হয়েছে।

চিনাডুলি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুস সালাম বলেন, যমুনার ভাঙনে হুমকির মুখে পড়েছে চিনাডুলি ইউনিয়নের দেওয়ানপাড়া থেকে শিংভাঙা পর্যন্ত এলাকার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। বাঁধটির ক্ষতি হলে ইসলামপুর ও মেলান্দহের বিস্তৃর্ণ অঞ্চল প্লাবিত হবে।

এ বিষয়ে ইসলামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল বলেন, বেলগাছা ইউনিয়নের ঘোনাপাড়া এবং নোয়ারপাড়া ইউনিয়নের কাজলা-কাঠমা এলাকায় যমুনার পূর্বতীরে ভাঙন বেড়েছে।

অপরদিকে, নদীভাঙনের হুমকির মুখে পড়েছে শিংভাঙ্গা এলাকার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এবং গুঠাইল বাজারসহ ঘোনাপাড়া এলাকার বিস্তীর্ণ জনপদ। এখন পর্যন্ত সরকারি ভাবে কোনো সাহায্য পাওয়া যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন