News71.com
 Bangladesh
 26 Jul 16, 01:04 PM
 376           
 0
 26 Jul 16, 01:04 PM

লালমনিরহাটে বন্যা পরিস্থিতির আরো অবনতি: পানিবন্দী লক্ষাধিক মানুষ

লালমনিরহাটে বন্যা পরিস্থিতির আরো অবনতি: পানিবন্দী লক্ষাধিক মানুষ

নিউজ ডেস্কঃ  উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে লালমনিরহাটে সৃষ্ট বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে বলে জানা গেছে । বাড়ি ঘরে ফের পানি উঠেছে। বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট। ফলে বিশুদ্ধ পানির অভাবে দেখা দিচ্ছে পানিবাহিত নানান রোগ। এছাড়া পানিতে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। সদর এলাকার কুলাঘাটে  ধরলা নদীর ফ্লাড বাইপাস ভেঙ্গে ৩টি গ্রাম পানিতে তলিয়ে গেছে। পানিতে নিমজ্জিত রয়েছে দুই হাজার হেক্টর জমির বীজতলা, রোপা আমন ধান, কলা বাগান, সবজি ও ভূট্টা ক্ষেত। মাছের ঘের, পুকুর ও জলাশয়  পানিতে তলিয়ে যাওয়ায় ১০ লাখ টাকার মাছ পানিতে ভেসে গেছে।

এদিকে পানি বন্দী এলাকায় মানবেতর জীবন কাটাচ্ছেন বন্যার্তরা। ঘরে পানি ওঠায় লোকজন রাস্তায়, উঁচু জায়গায় রাত্রি যাপন করছে। অপরদিকে পানি উন্নয়ন বোর্ডের ভাঙ্গন রক্ষা বাঁধ এখন পড়েছে তিস্তা নদীর ভাঙ্গন গ্রাসে। লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নে এ বাঁধটি ভাঙছে। পানি উন্নয়ন বোর্ডের সহায়তায় স্থানীয় লোকজন বালু ভর্তি জিও ব্যাগ পানিতে ফেলে বাঁধটি ভাঙ্গনের কবল থেকে রক্ষার চেষ্টা করছেন।

বাঁধটিতে তিস্তা নদীর ভাঙ্গন সৃষ্টি হওয়ায় শঙ্কিত হয়ে পড়েছেন ওই ইউনিয়নের ছয়টি গ্রামের সহস্রাধিক পরিবারের লোকজন। কারণ বাঁধটি ভেঙ্গে গেলে এ সকল পরিবারের লোকজন বসতভিটা হারিয়ে নিঃস্ব হয়ে যাবেন। নদী গর্ভে চলে যাবে সহস্রাধিক বিঘা আবাদি জমি, শতাধিক ফলের বাগান, কয়েকটি স্কুল মাদ্রাসা, মসজিদ, মন্দির ও স্থাপনা।  ডালিয়া  উন্নয়ন বোর্ডের  নির্বাহী  প্রকৌশলী ও লালমনিরহাট পানি  উন্নয়ন বোর্ডের  উপ-  বিভাগীয়  প্রকৌশলী  আবদুল্লাহ  আল  মামুন  জানান,  তিস্তা  ও ধরলার পানি প্রচণ্ড  গতিতে  বাংলাদেশের  দিকে ধেয়ে আসছে । ফলে বিভিন্নস্থানে দেখা দিয়েছে প্রবল ভাঙ্গন। বন্যা  পরিস্থিতি  সার্বক্ষণিক মনিটরিং  করা  হচ্ছে  বলে  তারা  জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন