
নিউজ ডেস্কঃ ডার্চবাংলা চেম্বারের প্রেসিডেন্ট হাসান খালেদের খুনের ঘটনায় কাউকে গ্রেফতার বা আটক করতে পারেনি পুলিশ। তিনি নিখোঁজের পর গতকাল মঙ্গলবার সকালে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ বুড়িগঙ্গা নদীর কামরাঙ্গীরচর ঘাট থেকে তার লাশ উদ্ধার করে। এরপর ময়না তদন্তের জন্য তার লাশ মিটফোর্ড মর্গে প্রেরণ করা হয়। খবর পেয়ে নিহতের পরিবার মিটফোর্ড মর্গে গিয়ে তার লাশ সনাক্ত করেন। নিহত ব্যবসায়ী নেতার লাশের শরীরের কোথাও কোন আঘাতের চিহ্ন ছিল না বলে মিটফোর্ড মর্গ সূত্রে জানা গেছে।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ব্যবসায়ী নেতা হাসান খালেদের ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে ঘটনাটি তদন্ত পূর্বক রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে বলে জানান তিনি।
গত শনিবার সকালে ধানমন্ডির ৪/এ নম্বর রোডের ৪৫ বাসা থেকে ওষুধ কেনার কথা বলে হাসান খালেদ তার ধানমন্ডির বাসা থেকে বের হন। এরপর আর বাসায় ফেরেননি তিনি। এতে তার পরিবারের সদস্যরাও উদ্বেগ ও উৎকন্ঠার মধ্যে পড়েন। ব্যবসায়ী হাসান খালেদ নিখোঁজের পর তার পরিবারের সদস্যরা কাউকে সন্দেহ বা অপহরণের ঘটনাও তারা উড়িয়ে দেন। কারণ হিসেবে তারা বলেছিলেন, অপহরণের ঘটনা হলে, মুক্তিপণ চেয়ে কেউ তাদের কাছে কোনো বার্তা পাঠাতো। কিন্তু কেউ তাদেরকে ফোন বা বার্তা পাঠায়নি।
অপর দিকে এই ব্যবসায়ী নেতা নিখোঁজের পর ঢাকা মহানগর পুলিশের পাশাপাশি দেশের সকল থানায় তার সন্ধানে ওয়্যারলেসবার্তা পাঠানো হয়েছে। ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া সাংবাদিকদের বলেছিলেন, হাসান খালেদকে খুঁজে বের করার জন্য নানামুখী পদক্ষেপ নেয়া হয়েছে। এ ব্যাপারে আমাদের গোয়েন্দা ইউনিটগুলোও কাজ করছে।
ঘটনার দিন রাতেই তার শ্যালক শরিফুল আলম ধানমন্ডি থানায় একটি ডায়েরি করেন। ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) খায়রুল বাশার জিডির তদন্ত করছেন। নিউ ইস্কাটনের হাসান হোল্ডিং ভবনের অষ্টম তলায় তার অফিস রয়েছে। বসুন্ধরায় তার একটি দোকানও রয়েছে। তিনি প্রায় ২৫ বছর ধরে বাংলাদেশে আমদানি রপ্তানির ব্যবসায় নিয়োজিত ছিলেন তিনি।