
নিউজ ডেস্কঃ বিসিক শিল্পনগরীগুলোতে প্লট বরাদ্দ নিয়ে যে উদ্যোক্তারা দীর্ঘদিন ধরে শিল্প স্থাপন করেননি, তাদের প্লট বাতিল করতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, ওই প্লটগুলো নতুন উদ্যোক্তাদের মধ্যে বরাদ্দ দিতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে। বিসিক শিল্পনগরীগুলোতে কোনো কোনো উদ্যোক্তা প্লট বরাদ্দ নেওয়ার পর শিল্প স্থাপন না করায় প্রকৃত উদ্যোক্তারা প্লটের অভাবে শিল্প স্থাপন করতে পারছেন না। শিল্পায়নের অভীষ্ট লক্ষ্য অর্জনে এ বিষয়ে জেলা প্রশাসকদের দ্রুত ব্যবস্থা নিতে হবে।
আজ বুধবার (২৭ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনের পঞ্চম অধিবেশন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে শিল্পমন্ত্রী এ কথা জানান। এ সময় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়াসহ শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থা/করপোরেশনের প্রধান সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
শিল্পমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের গৃহীত পদক্ষেপের ফলে গত সাত বছরে দেশের কোথাও সারের কোনো ধরনের সংকট হয়নি। এর সিংহভাগ কৃতিত্ব জেলা প্রশাসকদের বলে তিনি মন্তব্য করেন। ভবিষ্যতে দেশব্যাপী সুষ্ঠু সার ব্যবস্থাপনা নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন জেলায় ১৩টি বাফার গুদাম নির্মাণের জন্য জমি অধিগ্রহণসহ অন্যান্য কাজে অগ্রাধিকারভিত্তিতে ভূমিকা রাখতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া ধর্মের নামে জঙ্গিবাদী কর্মকাণ্ডের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে হেয় করার যে চক্রান্ত চলছে, সে বিষয়ে সতর্ক থেকে চলমান উন্নয়ন কর্মকাণ্ডকে এগিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
তিনি বলেন, জনগণের জন্য নিরাপদ খাদ্য ও পণ্য নিশ্চিত করতে জেলা পর্যায়ে বিএসটিআইয়ের অভিযান জোরদার করা হবে। বিশেষ করে, আয়োডিনবিহীন ভোজ্য লবণ এবং ভিটামিন ‘এ’ ছাড়া ভোজ্যতেল উৎপাদন, বাজারজাতকরণ, বিক্রয় প্রতিরোধ করতে ভোজ্যতেল শোধনাগার ও লবণ মিলগুলোর পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ে বাজারে ঘন ঘন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে জেলা প্রশাসকদের প্রতি তিনি নির্দেশনা দেন।
শিল্পমন্ত্রী সাংবাদ মাধ্যমকে জানান, জেলা প্রশাসকদের পক্ষ থেকে প্রতি জেলায় ল্যাবসহ বিএসটিআই অফিস স্থাপন, ফরমালিন পরীক্ষার কিট সরবরাহ, পুরোনো বিসিক শিল্পনগরীগুলোর সম্প্রসারণ, শিল্পনগরীর রাস্তাঘাট মেরামত, চিনিকলগুলোতে ইটিপি স্থাপন, মৌসুমি ফলের প্রাচুর্য বিবেচনা করে ফ্রুট প্রসেসিং শিল্পনগরী স্থাপন, বরিশাল অঞ্চলে ফ্রোজেন ফিস ইন্ডাস্ট্রি এবং কক্সবাজারে লবণ গবেষণাগার ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের প্রস্তাব এসেছে। এ বিষয়ে শিল্প মন্ত্রণালয় থেকে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান।