
নিউজ ডেস্কঃ কুড়িগ্রামে সার্বিক বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। ব্রহ্মপুত্রের পানি চিলমারী পয়েণ্টে বিপৎসীমার ৯৫ সেন্টিমিটার ও ধরলার নদীর পানি সেতু পয়েন্টে বিপৎসীমার ১০০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ২টি বাঁধ ভেঙে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে।
কুড়িগ্রাম ৪ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিন জানান, রৌমারী উপজেলার বাঘমারা বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে নতুন করে ১১টি গ্রামের ঘরবাড়িতে পানি উঠে গেছে। একই সঙ্গে বাঁধ ভেঙে যাওয়ায় উপজেলা চত্বর, সরকারি কোয়ার্টার, ভূমি অফিস, পোস্ট অফিস, রৌমারী ডিগ্রি কলেজ, রৌমারী সিজি জামান উচ্চ বিদ্যালয়ে পানি ঢুকেছে। সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা এবং রৌমারী-ঢাকা রুটে ভারি যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। রাজীবপুর উপজেলা পরিষদ চত্বর ডুবে গেছে হাঁটু জলে। সাহেবের আলগায় একটি বেড়িবাঁধ ভেঙে গেছে। পানির স্রোতে ভাঙনের শিকার হয়েছে ৬টি গ্রামের ৩০০টি পরিবার।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আকতার হোসেন আজাদ জানান, জেলা প্রশাসনের হিসেবে ৯টি উপজেলার ৫৫টি ইউনিয়নের ৭১৬টি গ্রাম এখন পানির নিচে। ১ লাখ ৪৬ হাজার পরিবারের প্রায় ৬ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহফুজার রহমান জানান, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্রে ৭ সেন্টিমিটার এবং দুধকুমারে ১০ সেন্টমিটার পানি বেড়েছে। তবে ধরলায় কমেছে ৬ সেন্টিমিটার। কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মো. মকবুল হোসেন জানান, আমন, বীজতলা, সবজিসহ প্রায় ৮ হাজার হেক্টর জমির বিভিন্ন ধরনের ফসল পানিতে তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ১ লাখ ৭৯ হাজার কৃষক।
জেলা ত্রাণ কর্মকর্তা আব্দুল মোত্তালিব জানান, এ পর্যন্ত ৫৭৫ মেট্রিকটন চাল বরাদ্দ পাওয়া গেছে। বিতরণ করা হয়েছে ৪০০ মেট্রিকটন। প্রাপ্ত ১৩ লাখ টাকার মধ্যে ৭ লাখ ৭৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে। বন্যার্তদের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়েছে ১ হাজার প্যাকেট।