
নিউজ ডেস্কঃ জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে। যমুনা এবং ব্রক্ষপুত্র নদীর পানি দ্রুত বেগে বৃদ্ধি পাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে বন্যা কবলিত জেলার ৬ টি উপজেলার প্রায় দুই লাখ মানুষ। এদিকে গত ২৪ ঘণ্টায় পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বাহাদুরাবাদঘাট পয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমার ১শ ১২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে বেড়েছে ব্রক্ষপুত্র নদের পানি। এজন্য ৬ উপজেলার ৩৬ টি নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
এদিকে ইসলাপুর, দেওয়ানগঞ্জ, মেলান্দহ, মাদারগঞ্জ সরিষাবাড়ি, বকশীগঞ্জ উপজেলার বন্যা কবলিত এলাকার মানুষ পানি বাহিত নানা রোগে আক্রান্ত হতে শুরু করেছে। অধিকাংশ বাড়িঘরে পানি ঢুকে পড়ায় রান্না করতে না পেরে অনেকে অনাহারে দিন কাটাচ্ছে। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি এবং গবাদি পশুর খাদ্য সংকট। বন্যার পানি বৃদ্ধির ফলে দুই উপজেলার যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। পাকা রাস্তা পানির নিচে তলিয়ে যাওয়ায় ইসলামপুর সদরের সঙ্গে গোঠাইলসহ ৫ টি ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মেলান্দ -মাহমুদপুর সড়কের ড্রাইভেশন পানির নিচে থাকায় মেলান্দহ উপজেলার সঙ্গে মাহমুদপুরসহ ৩ টি ইউনিয়নের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এ ছাড়া পানিতে ডুবে ইসলামপুরে মারা গেছে ২ শিশু।
পানি ঢুকে পড়েছে দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদে। পানিতে নষ্ট হচ্ছে গুরুত্বপূর্ণ ফাইলপত্র। এই উপজেলার অধিকাংশ জমির আখ ও পাট পানিতে তলিয়ে গেছে।