
নিউজ ডেস্কঃ বর্ধিত হোল্ডিং ট্যাক্স প্রত্যাহার দাবিতে রাজশাহীবাসীর গণজমায়েত পণ্ড করে দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নগরবাসী নগরীর ভুবনমোহন পার্কে গণজমায়েতের চেষ্টা করলে তাতে বাধা দেয় পুলিশ। পরে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) ভবন ঘেরাও করা হয়।
এর আগে খন্ড খন্ড মিছিল নিয়ে নগরভবনে পৌঁছান আন্দোলনকারীরা। এ কর্মসূচি আয়োজন করে রাজশাহীর পেশাজীবী ও সামাজিক সংগঠনগুলোর ফোরাম রাজশাহী নাগরিক অধিকার সংরক্ষন সংগ্রাম পরিষদ। গত ২৬ জুলাই আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে এ আয়োজনের ঘোষণা দেয়া হয়।
আন্দোলনকারীদের অভিযোগ, তারা শান্তিপূর্ণ গনজমায়েত করতে যাচ্ছিলেন। কিন্তু কোন কারণ ছাড়াই পুলিশ তাতে বাধা দিয়েছে। পরে তারা খন্ড খন্ড মিছিল নিয়ে নগর ভবন অভিমূখে রওনা হন। পথে নগরীর বিভিন্ন মোড়ে মোড়ে তাদের বাধা দেয়া হয়।
তবে আইন-শৃংখলা পরিস্থিতি অবনতি আশঙ্কায় গণজমায়েতে বাধা দেয়া হয়েছে বলে দাবি করেছেন দায়িত্বরত নগরীর বোয়ালিয়া জোনের সহকারী কমিশনার গোলাম সাকলায়েন। তিনি বলেন, শান্তিপূর্ণ ঘেরাওয়ের পর তারা স্মারকলিপি জমা দিয়ে নগরভবন ত্যাগ করেছেন। এনিয়ে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এর আগে সকাল থেকে নগর ভবনজুড়েও নেয়া হয়েছিলো পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন করা হয় জলকামান ও সাঁজোয়াযানসহ বিপুল সংখ্যক পুলিশ।
ঘেরাও নিয়ে শুরুতে পুলিশের বাধা পেয়ে বাকবিতন্ডায় জড়ায় বিক্ষোভকারীরা। পরে এনিয়ে ঘন্টাব্যাপী সমাবেশ করেন তারা। শেষে মেয়র বরাবর স্মারকলিপি দেয়া হয়। তবে দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আযীম না থাকায় তার ব্যক্তিগত সহকারী আজমির আহমেদ মামুন ওই স্মারকলিপি গ্রহণ করেন। স্মারকলিপি দিতে যান নাগরিক অধিকার সংরক্ষণ সংগ্রাম পরিষদের আহবায়ক অ্যাডভোকেট এনামুল হক ও হোল্ডিং ট্যাক্স প্রতিরোধ কমিটির আহবায়ক রাগিব আহসান মুন্নাসহ চার জনের একটি দল।
পরে নাগরিক অধিকার সংরক্ষণ সংগ্রাম পরিষদের আহবায়ক অ্যাডভোকেট এনামুল হক বলেন, আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন অযৌক্তিক ও অস্বাভাবিক হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি রাজশাহীবাসীকে এক কঠিন বিপদের মুখে ঠেলে দিয়েছে। আগামী সাত দিনের মধ্যে বর্ধিত হোল্ডিং ট্যাক্স প্রত্যাহারে ইতিবাচক সিদ্ধান্ত নিতে হবে রাসিককে। তা না হলে আন্দোলন ছাড়া নগরবাসীর আর বিকল্প থাকবে না।
তিনি অভিযোগ করেন, কারো সঙ্গে আলাপ-আলোচনা ছাড়াই হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে রাসিক কর্তৃপক্ষ। যা নগরবাসীর জন্য ডেকে এনেছে নতুন বিপদ। পরে ট্যাক্স পুননির্ধারণে কথিত আপিল শুনানীতেও কোন নিয়ম নীতির তোয়াক্কা করা হয়নি। এনিয়ে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। সংগত কারণেই নগরবাসী আজ রাস্তায়।
অন্যদিকে, বর্ধিত হোল্ডিং ট্যাক্স প্রতিরোধ কমিটির আহবায়ক রাগিব আহসান মুন্না বলেন, অতীতের ধারাবাহিকতাকে গুরুত্ব না দিয়ে হোল্ডিং ট্যাক্সের বিপদ জনগনের ঘাড়ে চাপানো হচ্ছে। এটি পরিকল্পিত, ঔদ্ধত্যপূর্ণ ও অবিবেচনাপ্রসূত। এ ট্যাক্স গরিব মানুষের ঘাড়ে বোঝা হয়ে চেপে বসেছে। জনগনের মতামত নিয়ে সমস্যা সমাধানের তাগিদ দেন তিনি।