News71.com
 Bangladesh
 04 Aug 16, 01:20 AM
 414           
 0
 04 Aug 16, 01:20 AM

গাইবান্ধা জেলার বন্যায় প্লাবিত ২৩৪টি গ্রাম।।

গাইবান্ধা জেলার বন্যায় প্লাবিত ২৩৪টি গ্রাম।।

নিউজ ডেস্ক: গাইবান্ধার ৪টি নদীর পানি কমতে শুরু করলেও বন্যা পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি। এরইমধ্যে বন্যায় প্লাবিত হয়েছে ৪টি উপজেলার ৩৩টি ইউনিয়নের অন্তত ২৩৪টি গ্রাম।

বন্যায় ফুলছড়ি উপজেলার অধিকাংশ সড়ক তলিয়ে গেছে। এছাড়া বাঁধ ও ৬টি ব্রিজ ভেঙে যাওয়ার কারণে ওই উপজেলা সদর, সবগুলো ইউনিয়নের সঙ্গেই জেলা শহরের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। ফলে নৌকাই সেখানে চলাচলের একমাত্র বাহন হয়ে উঠেছে।

এছাড়া বন্যার পানিতে জেলার ১৮৯ কিলোমিটার কাঁচা রাস্তা, ২৯ কিলোমিটার পাকা রাস্তা ও ৪০০ মিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ তলিয়ে গেছে বলে জানা গেছে।

গাইবান্ধার জেলা প্রশাসক (ডিসি) আব্দুস সামাদ সাংবাদিকদের জানান, বন্যাকবলিত সুন্দরগঞ্জ, ফুলছড়ি, সাঘাটা ও সদর উপজেলার ৩৩টি ইউপির ২৩৪টি গ্রাম প্লাবিত হয়েছে। ওইসব এলাকার ৯৯টি আশ্রয় কেন্দ্রে ১১ হাজার ৪১৭ জন মানুষ আশ্রয় নিয়েছেন। এছাড়া বিভিন্ন বাঁধ ও উঁচু এলাকায় আরও বিপুলসংখ্যক মানুষ আশ্রয় নিয়েছেন।

তিনি জানান, বন্যার্তদের জন্য ৫১ লাখ টাকা ও ১ হাজার ১৫০ মেট্রিক টন চাল এবং ২ হাজার প্যাকেট শুকনা খাবার বরাদ্দ দেওয়া হয়েছে। এসব ত্রাণ সামগ্রী বিতরণের কাজ চলছে।জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ পরিচালক আ ক ম রুহুল আমিন সাংবাদিকদের জানান, বন্যাদুর্গত এলাকায় ৩ হাজার ৬৫১ হেক্টর জমির রোপা আমনসহ বিভিন্ন ফসল পানির নিচে তলিয়ে থাকায় সেগুলো এখন বিনষ্ট হওয়ার পথে। বন্যা পরবর্তী সময়ে কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে সরকারিভাবে বীজ ও চারা দেওয়া হবে।

গাইবান্ধার সিভিল সার্জন ডা. নির্মলেন্দু চৌধুরী সাংবাদিকদের জানান, বন্যা প্লাবিত ৪টি উপজেলায় ৬৫টি মেডিকেল টিম স্বাস্থ্যসেবায় কর্মরত রয়েছে। এছাড়া আশ্রয় কেন্দ্রগুলোতে বিশুদ্ধ পানির জন্য ২১টি নলকূপ ও ৬৪টি ল্যাট্রিন স্থাপন করা হয়েছে।

গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী প্রকাশ কুমার সরকার সাংবাদিকদের জানান, ঘাঘট ও ব্রহ্মপুত্রের পানি কমতে শুরু করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন