
জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) থেকে জঙ্গী সংশ্লিষ্টতার অভিযোগে এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে শনিবার দুপুরে ক্যাম্পাস থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয় বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। আটককৃত শিক্ষার্থীর নাম ইব্রাহিম ইবনে মোল্লা মোশাররফ। সে বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন টেকনোলজি ইনস্টিটিউটের (আইআইটি) তৃতীয় বর্ষ(৪৩ তম ব্যাচ) ও মীর মশাররফ হোসেন হলের আবাসিক শিক্ষার্থী। শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে বিভাগের ক্লাস চলাকালীন অবস্থায় তাকে আটক করে নিয়ে যাওয়া হয় বলে সহপাঠীরা জানায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে গণিত ও পরিসংখ্যান ভবনের তৃতীয় তলার একটি কক্ষে (ল্যাব-২) ক্লাস করার সময় ওই শিক্ষার্থীকে ডেকে জিজ্ঞাসাবাদের কথা বলে নিয়ে বাইরে নিয়ে যাওয়া হয়। তার নাম মোশাররফ ছাড়া আর কোনো পরিচয় আইআইটির শিক্ষকরা জানাতে পারেননি।
সহপাঠীরা জানান, তাকে তারা ইব্রাহীম ইবনে মোল্লা মোশাররফ নামে চিনতেন। সে নিয়মিত ঢাকা থেকে এসে ক্লাস করতেন। জঙ্গিবাদী তৎপরতায় জড়িত সন্দেহে তাকে আটক করা হয়েছে বলে শুনেছেন তারা।
আইআইটির সহকারী অধ্যাপক আবু ইউসুফ বলেন, ‘তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের সঙ্গে আমার ক্লাস চলাকালীন সময়ে কয়েকজন প্রশাসনের লোক পরিচয় দিয়ে মোশাররফ(আটককৃত শিক্ষার্থী)কে খোঁজ করে বলেন, ওকে জিজ্ঞাসাবাদ করতে হবে। তারপর তারা ক্লাস থেকে ওই শিক্ষার্থীকে নিয়ে বাহিরে চলে গেল। এর বেশি কিছু আমি জানি না’।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, গত জুলাইয়ের মাঝামাঝি সময়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য সিলেট লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী মাহমুদুল করিম চৌধুরী এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল আজিজ কে আটক করে পুলিশ। রিমান্ডে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মোশাররফের সংশ্লিষ্টতার তথ্য পায় পুলিশ। গত সপ্তাহ থেকে নজরদারিতে রাখার পর শনিবার দুপুরে ক্লাস চলাকালীন সময়ে তাকে আটক করা হয়।
খবর নিয়ে জানা যায়, মোশাররফ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। পরবর্তীতে ২০১৩-১৪ শিক্ষাবর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আইআইটি বিভাগে ভর্তি হয় সে। সিলেটে অবস্থান কালে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের আটককৃত দুই সদস্যের সাথে তার যোগাযোগ গড়ে উঠতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
যোগাযোগ করা হলে ইনফরমেশন টেকনোলজি ইনস্টিটিউটের (আইআইটি)’র ভারপ্রাপ্ত পরিচালক কে এম আককাছ আলী বলেন,‘আমি আমার অফিসে ছিলাম। এই বিষয়ে আমি কিছুই জানি না’।
মোশাররফের সহপাঠীদের সাথে কথা বলে জানা যায়, ‘কারো সাথে কখনো তাকে খারাপ ব্যবহার করতে দেখি নি। ক্লাস শেষ হওয়ার পরপরই সে ঢাকায় চলে যেত। জঙ্গিবাদ নিয়ে কথা উঠলে সে ‘এসব কিছু না’ বলে এড়িয়ে যেত’।
প্রক্টর অধ্যাপক ড. তপন কুমার সাহা বলেন,‘এরকম একজন শিক্ষার্থীকে পুলিশ খুঁজছে এটা জানি। আমরা এই বিষয়ে খোঁজখবর নিচ্ছি’।