
নিউজ ডেস্কঃ তারেক রহমানের বিরুদ্ধে মামলার রায়ের কপি হাতে পাওয়ার পর তাঁকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নেবে সরকার। জঙ্গি কর্মকাণ্ডবিষয়ক মামলায় গঠিত বিশেষ সেলে সন্ত্রাস দমন আইনে ইতিমধ্যেই ১১৭টি মামলার অনুমোদন দেওয়া হয়েছে।
গতকাল রাজধানীর তেজগাঁওয়ের রেজিস্ট্রেশন কমপ্লেক্সে নবনির্মিত ৩টি রেজিস্ট্রি অফিস উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এসব কথা বলেন। বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে আইনমন্ত্রীর কাছে জানতে চান গণমাধ্যমকর্মীরা।
জবাবে আইনমন্ত্রী বলেন, ‘আগে মামলার রায়ের সার্টিফায়েড কপি হাতে পেতে হবে। সেটা এখনো হাতে পাইনি। পেলেই তারেককে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। তাঁকে ফিরিয়ে আনার উদ্যোগ এখন আইন মন্ত্রণালয়ের হাতে নেই। তা নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সাম্প্রতিক জঙ্গি কর্মকাণ্ডবিষয়ক মামলা পরিচালনায় বিশেষ সেলের অগ্রগতির বিষয়ে আইনমন্ত্রী বলেন, বিচারিক আদালত থেকে অনুমোদনের জন্য যে মামলাগুলো এসেছিল, সেগুলো আইন অনুযায়ী যেভাবে সঠিক পদ্ধতিতে আসেনি। পরে বিচারিক আদালতকে আইন মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হলে সেগুলো ঠিক করে দেওয়া হয়। এর ২৪ ঘণ্টার মধ্যেই ১১৭টি মামলার অনুমোদন দেওয়া হয়।
জামায়াত নিষিদ্ধের বিষয়ে অগ্রগতি কতদূর—জানতে চাইলে জবাবে তিনি বলেন, ‘বিষয়টি এখনো মন্ত্রিপরিষদেই ওঠেনি। তবে শিগগিরই সেটা মন্ত্রিপরিষদে উঠবে বলে আশা রাখি। ঢাকায় নতুন ৩টি (ধানমণ্ডি, শ্যামপুর ও পল্লবী) সাবরেজিস্ট্রি অফিসের কর্মকর্তাসহ উপস্থিত সাবরেজিস্ট্রারদের উদ্দেশ্যে আইনমন্ত্রী বলেন, ‘জনগণের সেবার মান বাড়াতে ঢাকাতে এই ৩টি নতুন সাবরেজিস্ট্রি অফিস স্থাপন করা হলো। জনগণ যাতে কোনো হয়রানির শিকার না হয় সেদিকে সাবরেজিস্ট্রারদের সতর্ক থাকতে হবে। সত্ভাবে কাজ করে রেজিস্ট্রেশন বিভাগের দুর্নাম ঘোচাতে হবে। কেউ সাধারণ মানুষকে অযথা হয়রানি করলে কিংবা ঘুষ দাবি করলে তাকে যথোপযুক্ত বিচারের সম্মুখীন হতে হবে।
নিবন্ধন পরিদপ্তরের মহাপরিদর্শক খান মো. আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, ঢাকা জেলা রেজিস্ট্রার আবদুল জলিল, বাংলাদেশ রেজিস্ট্রেশন অ্যাসোসিয়েশনের সভাপতি দীপক কুমার সরকার প্রমুখ।