
নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেছেন, ভবিষ্যতে উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে জ্বালানি সংক্রান্ত মৌলিক গবেষণা এবং প্রায়োগিক ও টেকসই প্রযুক্তি উদ্ভাবনের বিকল্প নেই। জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস উপলক্ষে আজ এক বাণীতে তিনি এ কথা বলেন। আগামীকাল যথাযোগ্য মর্যাদায় জাতীয়ভাবে এ দিবস পালিত হবে ।
রাষ্ট্রপতি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শোষণমুক্ত সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তা অনুধাবন করেছিলেন। এ লক্ষ্যে তিনি শেল অয়েল কোম্পানির কাছ থেকে ১৯৭৫ সালের ৯ই আগস্ট ৪.৫ মিলিয়ন পাউন্ড স্টার্লিং মূল্যে দেশের ৫টি গ্যাসক্ষেত্র ক্রয় করে রাষ্ট্রীয় মালিকানাভুক্ত করেন ।
তিনি বলেন, জ্বালানি নিরাপত্তা অর্জনে বঙ্গবন্ধুর ঐতিহাসিক পদক্ষেপকে স্মরণীয় করে রাখার জন্য প্রতিবছর ৯ই আগস্ট জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস পালন করা হয়। জাতির পিতার সময়োচিত এই সিদ্ধান্তের ফলে প্রায় ৪ যুগ ধরে গ্যাস ক্ষেত্রগুলো শুধু জ্বালানি সরবরাহ করেনি, দেশের ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তা অর্জনের ক্ষেত্রেও বিশেষ অবদান রাখছে ।
আবদুল হামিদ বলেন, ‘বঙ্গবন্ধুর কৌশলগত ও রাষ্ট্রনায়কোচিত সিদ্ধান্তের ফলশ্রুতিতেই আজ জাতি স্বল্পমূল্যে দেশীয় গ্যাস ব্যবহার করে অর্থনৈতিক সমৃদ্ধির অভীষ্ট লক্ষ্য অর্জনে এগিয়ে যাচ্ছে। স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতার এ অবিস্মরণীয় অবদানকে আমি বিনম্র চিত্তে স্মরণ করছি ।
রাষ্ট্রপতি বলেন, বর্তমান সরকার প্রাকৃতিক গ্যাস ও কয়লার পরিকল্পিত অনুসন্ধান, উত্তোলন ও উন্নত ব্যবস্থাপনা নিশ্চিতকল্পে পর্যায়ক্রমে নানা কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করছে। জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকল্পে সীমিত সম্পদের সর্বোত্তম ও সুষ্ঠু ব্যবহার এবং অপচয় রোধ নিশ্চিত করা অপরিহার্য। তিনি বলেন, প্রাকৃতিক গ্যাসের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে মূল্যবান এ সম্পদের অপচয় রোধে সকলকে আরো যতবান হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি ।
এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস-২০১৬ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমার বিশ্বাস। তিনি জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস-২০১৬ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সাফল্য কামনা করেন ।