
নিউজ ডেস্ক: সরকারের গৃহীত ১০ টাকা কেজি দরে দেশের ৫০ লাখ হতদরিদ্র পরিবারের কাছে চাল বিক্রয়ের প্রকল্প নিয়ে বিএনপি চেয়ারপারসনের বক্তব্যের জবাবে আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, খালেদা জিয়া বক্তব্য যেন চোরের মায়ের বড় গলা। খালেদা জিয়াকে অনুরোধ করবো- আগে আয়নায় নিজের চেহারা দেখুন। আপনার বড় পুত্র দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়ে ফেরারি আসামি।আর আপনি এতিমদের টাকা আত্মসাতের দায়ে অভিযুক্ত।
শুক্রবার সকালে ঢাকা রিপোর্টাস ইউনিটিতে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ আয়োজিত জেলহত্যা দিবসের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. হাছান মাহমুদ এ সব কথা বলেন।
তিনি বলেন, ব্যক্তির অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে ১০ টাকা দরে চাল বিক্রয় করা হচ্ছে। কোথাও কোন অনিয়ম হলে সঙ্গে সঙ্গেই সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করছে। কে কোন দল করছে তা এখানে বিবেচ্য নয়। এ চাল যেমন আওয়ামী লীগের কোন সমর্থক পাচ্ছে ঠিক তেমনি বিএনপির সমর্থকও পাচ্ছে। কিন্তু বিএনপি নেত্রীর উচিত ছিল সরকারকে এ প্রকল্পের জন্য ধন্যবাদ জানানো। কিন্তু তিনি তা না করে এ প্রকল্পটি নিয়ে প্রশ্ন তুলছেন, টুইটারে বার্তা প্রদান করছেন। খালেদা জিয়া দিনে কোন কাজ করতে পারেন না। তিনি সব সময়ই রাতে মিটিং ডাকেন, এমনকি টুইটও করেছেন মধ্য রাতে।
আওয়ামী লীগের প্রচার সম্পাদক আরো বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের হাত ধরে এ দেশে হত্যার রাজনীতি শুরু হয়েছে। তিনি রাজনীতিকে কলুষিত করেছেন। হত্যার মধ্য দিয়ে বিএনপির যাত্রা, ষড়যন্ত্র বিএনপির রাজনীতির মূলমন্ত্র এবং পেট্রোলবোমা বিএনপির রাজনীতির মূল অস্ত্র।
৭ নভেম্বরকে মুক্তিযোদ্ধা ও সৈনিক হত্যা দিবস উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, জিয়াউর রহমান সৈনিকদের রক্তের ওপর দিয়ে অবৈধভাবে ক্ষমতায় গিয়েছিলেন। তাই বিএনপিকে হুশিয়ার করে বলবো- আপনারা সৈনিক হত্যা দিবসে আনন্দ-উল্লাস করলে জনগণ তা মেনে নিবে না।
হাছান মাহমুদ বলেন, রাজনীতি হলো একটি ব্রত। বঙ্গবন্ধু ও তার বিশ্বস্থ চার সহযোগী (জাতীয় চার নেতা) রাজনীতিকে একটি ব্রত হিসেবেই নিয়েছিলেন। দেশের জন্য, জনগণের জন্য এ চার নেতা নিজেদের উৎসর্গ করেছিলেন। বঙ্গবন্ধুকে হত্যার পরে জাতীয় চার নেতাকে খুনিরা অনেক লোভনীয় প্রস্তাব দিয়েছিলেন কিন্তু তারা সে সব প্রস্তাব ঘৃণাভরে প্রত্যাখ্যান করছিলেন। মৃত্যুকে আলিঙ্গন করে তারা তাদের রাজনৈতিক আদর্শ, বিশ্বাসকে সমুন্নত রেখেছিলেন।