News71.com
 Bangladesh
 08 Nov 16, 08:55 PM
 324           
 0
 08 Nov 16, 08:55 PM

৪ বছরে ৩,০১৫ কোটি ৯০ লাখ টাকার চোরাচালান আটক করেছে বিজিবি ।। বিদায়ী সংবাদ সম্মেলনে মেজর জেনারেল আজিজ

৪ বছরে ৩,০১৫ কোটি ৯০ লাখ টাকার চোরাচালান আটক করেছে বিজিবি ।। বিদায়ী সংবাদ সম্মেলনে মেজর জেনারেল আজিজ

নিউজ ডেস্ক : গত ৪ বছরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৩ হাজার ১৫ কোটি ৯০ লক্ষাধিক টাকার চোরাচালান ও মাদকদ্রব্য আটক করেছে। এ সময় চোরাচালানের সাথে জড়িত ১ হাজার ৫৭৭ জন আসামীকে আটক করা হয়েছে। বিজিবির মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আজিজ আহমেদ আজ দুপুরে বিজিবি সদর দফতরে বিদায়ী সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন।তিনি বলেন, গত ৪ বছরে আটককৃত মাদকদ্রব্যের মধ্যে ১ কোটি ৪১ লাখ ৪৪ হাজার ২৮৯ পিস ইয়াবা, ১৬ লাখ ৫৩ হাজার ৮৪ বোতল ফেনসিডিল, ৯ লাখ ১৬ হাজার ২১৬ বোতল মদ, ৩৭ হাজার ১৫৯ কেজি গাঁজা, ৩ কোটি ৩০ লাখ ৭৮ হাজার ২৬৪ পিস ট্যাবলেট, ৮৫ কেজি ৯৬ গ্রাম হেরোইন রয়েছে।বিজিবি মহাপরিচালক বলেন, বিগত ৪ বছরে বিজিবি অভিযান চালিয়ে ২৩৭টি পিস্তল, ২৬টি রিভলবার, ২৫২টি বন্দুক, ৫ হাজার ১৫৯টি গুলি, ১৯৬টি ম্যাগজিন, ৬০টি বোমা, ৩টি গেনেড, ৪৭টি ককটেল, ৩৬ কেজি ৫১১ গ্রাম বিস্ফোরক, ৬৯ কেজি ৯শ’ গ্রাম গান পাউডার এবং ২৯টি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস আটক করেছে।

তিনি জানান, বিজিবি গত ৪ বছরে ২১ হাজার ৪৫২জন মায়ানমার নাগরিকের অবৈধ অনুপ্রবেশ ঠেকিয়েছে।এছাড়া তিনি তার ৪ বছরের দায়িত্ব পালনকালে বিওপি উন্নয়ন, সাংগঠনিক কাঠামো উন্নয়ন, টহল পরিচালনার জন্য মোটর সাইকেল সরবরাহ, অরক্ষিত সীমান্ত নজরদারির আওতায় আনা, ডগ স্কোয়াড সংযোজন, ২০১৩ সাল থেকে ১৮ হাজার জনবল নিয়োগ, নারী সৈনিক নিয়োগ, সীমান্ত সড়ক নির্মাণ, ক্যাটেল করিডোর থেকে ৩শ’ কোটি টাকা রাজস্ব আদায়সহ অভ্যন্তরীন নিরাপত্তা কর্তব্য পালনে বিজিবির বিভিন্ন সাফল্য তুলে ধরেন।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, স্বাধীনতার পর থেকে ৫৩৯ কিলোমিটার সীমান্ত অরক্ষিত ছিল। বিওপির মাধ্যমে ৩৩২ কিলোমিটার সীমান্ত বিজিবির আওতায় চলে এসেছে। আগামী বছরের জুনের মধ্যে বাকি সীমান্ত বিজিবির আওতায় চলে আসবে। সুন্দরবনের ৭২ কিলোমিটার অরক্ষিত রয়েছে। সেখানে বিওপি স্থাপন করতে হবে।চ্যালেঞ্জ তিনটির কথা তুলে ধরেন তিনি।

অপর এক প্রশ্নের জবাবে আজিজ আহমেদ বলেন, বর্তমানে বিজিবির সামনে তিনটি চ্যালেঞ্জ রয়েছে। এরমধ্যে অন্যতম হলো- সীমান্তে কাঁটাতারের বেড়া এবং রাস্তা। সীমান্তে জিরো লাইনের অনেকটা ভেতরে ভারতের কাঁটাতারের বেড়া। এদেশের নাগরিকরা মনে করেন সেই বেড়া হয়তো জিরো লাইন।

সেজন্য কিছু অনাকাঙ্খিত ঘটনা ঘটে থাকে। যদি সীমানায় বেড়া থাকতো তাহলে কেউ ওই দেশের সীমান্তে ভুল করেও যেতে পারতো না। সীমান্তে বর্তমানে বিজিবি পায়ে হেঁটে দু’বার টহল দিচ্ছে, সীমান্তে রাস্তা থাকলে বিজিবি ২০ বার টহল দিতে পারতো। তাই অনেক সীমাবদ্ধতার মধ্যেও রাস্তার অভাবে সক্ষমতা যতটুকু আছে তার প্রয়োগ হচ্ছে না।দ্বিতীয়ত চ্যালেঞ্জ সম্পর্কে তিনি বলেন, সীমান্তের লোকজনের দারিদ্র্য। সেখানকার মানুষের অর্থনৈতিক দীনতার কারণে স্মাগলাররা তাদের ব্যবহার করছে। তাই সেসব লোকজনের অর্থনৈতিক উন্নয়ন হলে চোরাচালান কমে আসবে। এজন্য সীমান্ত ব্যাংক ভবিষ্যতে বিভিন্ন প্রজেক্ট চালু করবে।তৃতীয় চ্যালেঞ্জ সম্পর্কে তিনি বলেন, যে কোনভাবে ভারতের গরুর উপর থেকে নজর সরাতে হবে। গরুতে স্বয়ংসম্পূর্ণ হলে সীমান্ত হত্যা বন্ধ হয়ে আসবে। এ জন্য অভ্যন্তরীণভাবে আরও প্রচারণা দরকার।

অপর এক প্রশ্নের জবাবে সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে না আনতে পারা এবং মাদক পাচার পুরোপুরি নির্মূল করতে না পারা তার ৪ বছরের দায়িত্ব পালনের অসফলতা বলে উল্লেখ করেন।ফেলানী হত্যার বিচার পুরোপুরি সমাপ্ত না হওয়ায় একটি অতৃপ্তি রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন