
নিউজ ডেস্ক : আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ব্রাক্ষণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু পাড়ার মন্দির ও বাড়িঘরে হামলাকারীদের কালো হাত ভেঙ্গে দেয়া হবে। সকল অপরাধীর দ্রুত বিচার আইনে বিচার করা হবে।আজ বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলার ঘটনা সরেজমিনে পরিদর্শন শেষে স্থানীয় গৌর মন্দিরে ১৪ দল আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে বিব্রত করতেই এই হামলার ঘটনা ঘটেছে। এই লুটেরা খুনিদের কোন ছাড় দেয়া হবে না। এই সমস্ত খুনির দল নাসিরনগরের মানুষদের কলঙ্কিত করেছে। মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী ছায়েদুল হকের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এমপি, তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু এমপি, আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসিম কুমার উকিল, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম ওবাদুল মোকতাদির চৌধুরী এমপি, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ এমপি, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম লিটন, কমিউনিস্ট কেন্দ্রীয় নেতা ড. অসিত বরণ রায়, ন্যাপের নেতা ইসমাইল হেসেন, তরিকত ফেডারেশনের কেন্দ্রীয় নেতা মুসতাকিন বিল্লা, জাতীয় পার্টি (জেপি) নেতা এজাজ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বলেন, যেসব মন্দির ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো সংস্কার করে দেয়া হবে। ক্ষতিগ্রস্ত ব্যাক্তিদেরও সহায়তা করা হবে।
আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতত্বে বাংলাদেশের এগিয়ে যাওয়া আটকাতেই একের পর এক ঘটনা ঘটানো হচ্ছে। তবে আমরা জঙ্গিদের ছিন্ন-ভিন্ন করে দিয়েছি। এ সময়ে এই সন্ত্রাসী হামলার জন্য জনগনের কাছে দু:খ প্রকাশ করেন।রাশেদ খান মেনন বলেন, যখন যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে তখনই নাসিরনগরে এই হামলার ঘটনা ঘটিয়েছে। ঐক্যবদ্ধভাবে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হবে।তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু বলেন, দল কিংবা মুখ দেখে নয় নাসিরনগরে তান্ডব চালানো সকলকে অপরাধী বিবেচনা করে গ্রেফতার করা হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আগুন সন্ত্রাসী কিংবা জঙ্গীদের ছাড় দেননি। ফলে এই হামলায় যারা জড়িত তাদেরও ছাড় দেয়া হবে না। শেখ হাসিনার সরকার এদেশের উপর একটি অসাম্প্রদায়িকতার ছাতা ধরে রেখেছেন। ফলে যারা এই অসাম্প্রদায়িকতা নষ্ট করতে চায় তারাই হামলা করেছে।এরআগে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমসহ কেন্দ্রীয় ১৪ দলের নেতারা নাসিরনগরে দাশপাড়া, ঘোষপাড়া, গৌরমন্দির পরিদর্শন করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্থ হিন্দু পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।গত ২৮ অক্টোবার শুক্রবার ফেইসবুকে ইসলাম অবমাননার অভিযোগ তুলে রোববার দুপুর থেকে বিকেল পর্যন্ত নাসিরনগরের হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামের ১৫টি মন্দিরসহ হিন্দুদের শতাধিক বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়। এর পাঁচ দিন পর গত বৃহস্পতিবার গভীর রাতে কয়েকটি হিন্দু বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয়। ঘটনা তদন্তে জেলা আওয়ামী লীগের সহসভাপতি হেলাল উদ্দিনকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটিও করা হয়েছে।