
নিউজ ডেস্কঃ ঢাকার কেরাণীগঞ্জে শিশু আবদুল্লাহকে (১১) অপহরণ করে হত্যা করে এসিড দিয়ে ঝলসানোর মামলায় ছয় আসামির বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ।
ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফরোজা খাতুনের আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা কেরাণীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক শফিকুল ইসলাম আজ বুধবার এ চার্জশিট জমা দিয়েছেন ।
এ মামলার মল হোতা মোতাহার হোসেন গত ৮ ফেবরুয়ারী র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন। মামলার অন্যান্য আসামীরা হলেন, নাসিমা বেগম, জহিরুল ইসলাম, খোরশেদ আলম, মেহেদী হাসান, মিতু আক্তার ও কায়কোবাদ। এদের মধ্যে প্রথম দুইজন পলাতক।
উল্লেখ্য গত ৩০ জানুয়ারি শুক্রবার দুপুরে সে অপহরণ হয়েছিল শিশু আব্দুল্লা। অপহরণের ৪ দিন পর গত ২ ফেব্রুয়ারি দুপুরে কেরানীগঞ্জের মুগার চর এলাকার নিহত মোতাহারের বাড়ির একটি ড্রাম থেকে আবদুল্লাহর গলিত লাশ উদ্ধার করে পুলিশ।
অপহৃতের নানা মো. মারফত আলী বলেন,পরিবারের একমাত্র ছেলে আব্দুল্লাহ। মাঠে ক্রিকেট খেলার কথা বলে বের হলে শুক্রবার দুপুর ২টা থেকে তাকে আর খুঁজে পাওয়া যায় না । পরে আব্দুল্লাহর মা, এক চাচা ও বাসার পাশের এক ফার্মেসি দোকানির মোবাইল নম্বরে অন্য একটি (০১৮৭৯৩৬১৭৯৫) নম্বর থেকে এসএমএস আসে । এসএমএস এ লেখাছিল, সন্ধ্যার মধ্যে 'বিকাশ' করে সাড়ে ৫ লাখ টাকা মুক্তিপণ দেওয়া হলে আব্দুল্লাহকে ছেড়ে দেওয়া হবে । অন্যথায় শিশুটিকে হত্যা করা হবে ।
তিনি আরও জানান, অপহরণকারীদের শর্তমতে তাদের দেওয়া একটি বিকাশ নম্বরে শনিবার রাতেই এক লাখ এবং রোববার দুপুরে আরও এক লাখ টাকা পাঠানো হয়। এরপরই বন্ধ হয়ে যায় অপহরণকারীদের মোবাইল নম্বরটি। ঘটনার দিন রাতে আমাদের বাসায় পোশাকধারী পুলিশ হাজির হওয়ার কারণে অপহরণকারীরা তাদের মোবাইল নম্বর বন্ধ করে দেয়। মোবাইল বন্ধ করার আগে তারা এসএমএস দেয়— আপনারা পুলিশে খবর দিয়েছেন, আমরা নিষেধ করার পরও পুলিশ বাসায় আসছে কেন? বিষয়টি খুব খারাপ হয়েছে!