
নিউজ ডেস্ক : সিলেটের বিশ্বনাথে ৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। কোনো কোনো বিদ্যালয়ে ৩-৪ বছর ধরে প্রধান শিক্ষকের পদ শূন্য। ফলে বিদ্যালয়গুলোর পাঠদানসহ প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষক না থাকায় সহকারি শিক্ষকরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দাপ্তরিক কাজ নিয়ে ব্যস্ত থাকতে হচ্ছে। ফলে অন্য শিক্ষকদের বাড়তি পাঠদান করতে হচ্ছে।
প্রধান শিক্ষক শূন্য বিদ্যালয়গুলো হচ্ছে খাইয়াখাউড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, সদলপুর-তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দোহাল সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোমরাগুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, কান্দিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাখারীকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দশপাইকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দশপাইকা আনরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিয়াজানেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিংগেরকাছ-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিংরাওলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জগতপুর-নিয়ামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বরুণী সরকারি প্রাথমিক বিদ্যালয়, দশঘর নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, বল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মঙ্গলগিরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাগীব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পঞ্চগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওলীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নরশিংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাজী আর্শ্বদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাহজালাল পল্লী পরিষদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, মঠুককোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দ্বিপবন্ধ সরকারি প্রাথমিক বিদ্যালয়, চৈতননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফুলচন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
দশপাইকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মীনাক্ষী রাণী দাস জানান, চলতি বছরের মার্চের ৮তারিখ থেকে প্রধান শিক্ষকের পদটি শূন্য রয়েছে। শূন্য রয়েছে এক জন সহকারি শিক্ষকের পদও। তাকে প্রায় সময় দাপ্তরিক কাজে শিক্ষা অফিসে ছুটতে হয়। ফলে স্কুলের ক্লাস নিতে হিমশিম খেতে হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আলাউদ্দিন জানান, প্রধান শিক্ষক ছাড়া বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন অসম্ভব। কেননা, এ শূন্যতার ফলে পাঠদানসহ অন্যান্য কার্যক্রম ব্যাহত হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহিউদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান, অবসর ও বদলিজনিত কারণে এবং কয়েকটি বিদ্যালয় নতুন সরকারিকরণ হওয়াতে পদগুলো শূন্য হয়েছে। এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।