
নিউজ ডেস্ক : ‘প্রতিবন্ধিতা ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা’ শীর্ষক বিশ্ব সম্মেলন ২০১৭ সালে বাংলাদেশে অনুষ্ঠিত হবে। নয়াদিল্লীতে অনুষ্ঠিত মিনিস্টিরিয়াল কনফারেন্সে বাংলাদেশের অংশগ্রহণ ও সফলতা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীরবিক্রম এমপি এ কথা বলেন। আজ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে মন্ত্রণালয়ের সচিব মো. শাহ্ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রিয়াজ আহমেদ উপস্থিত ছিলেন।চলতি মাসের ২-৫ নভেম্বর নয়াদিল্লীতে অনুষ্ঠিত দুর্যোগ ঝুঁকি হ্রাসে করণীয় নির্ধারণ বিষয়ক এশিয়ান মিনিস্টিরিয়াল কনফারেন্সে বাংলাদেশের প্রস্তাবিত ‘প্রতিবন্ধিতা ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা’ শীর্ষক ঢাকা ডিক্লারেশন গৃহিত হয় বলেও মন্ত্রী সংবাদ সম্মেলনে জানান। তিনি বলেন, ২০১৫ সালের ডিসেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ হোসেনের নেতৃত্বে ঢাকায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।
মন্ত্রী আরো বলেন, কনফারেন্সে বাংলাদেশ দুর্যোগ ঝুঁকি ও জলবায়ু পরিবর্তন সহনশীল সমন্বিত কর্মসূচি গ্রহণের জন্য বিশ্ববাসীর প্রতি আহবান জানিয়েছে। দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা এবং দুর্যোগ সহনশীলতাকে সুসংহত করতে প্রত্যেক দেশকে এখাতে বিনিয়োগ বাড়াতে এবং আলাদা তহবিল গঠন করতে বলেছে। বিশেষত সকল উন্নয়ন অংশীদার, আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থাগুলোকে তাদের প্রতিশ্রুতি ও সহায়তা আরও জোরদার করতে বলা হয়েছে।তিনি বলেন, বাংলাদেশ বিশ্ববাসীকে জানিয়েছে, বাংলাদেশ বিভিন্ন খাতভিত্তিক উন্নয়ন পরিকল্পনা ও কর্মসূচিতে অগ্রাধিকার ভিত্তিতে দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনাকে অন্তর্ভূক্ত করছে। বিশেষত গ্রামীণ পর্যায়ে দুর্যোগ ঝুঁকি হ্রাস, দারিদ্র্য নিরসন ও সামাজিক নিরাপত্তাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জলবায়ু পরিবর্তন সহায়তা তহবিল গঠন করে জলবায়ু সহনশীল প্রকল্প বাস্তবায়ন করছে।
মায়া বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা, বিশেষ করে সাইক্লোন, জলোচ্ছ্বাস ও বন্যার মত প্রাকৃতিক দুর্যোগে মানুষকে নিরাপদ আশ্রয় দিতে বাংলাদেশের গৃহিত পদক্ষেপকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশেষভাবে প্রশংসা করেছেন। প্রাকৃতিক দুর্যোগে বাংলাদেশের স্বেচ্ছাসেবকদের ভূমিকারও তিনি প্রশংসা করেন।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে সাক্ষাৎ প্রসঙ্গে মায়া চৌধুরী বলেন, ভূমিকম্প, ঘূর্ণিঝড়, বজ্রপাত ও বন্যার মত প্রাকৃতিক দুর্যোগের সময় সঠিক ও নির্ভুল তথ্য আদান-প্রদানের মাধ্যমে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে দুই দেশ একমত হয়েছে।পশ্চিম বাংলার দমকল, জরুরী পরিসেবা ও অসামরিক পরিসেবা মন্ত্রী জাবেদ আহমেদ খানের সাথে দ্বিপাক্ষিক বৈঠক প্রসঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আরও বলেন, দুর্যোগ ঝুঁকি হ্রাসে উভয় দেশের গৃহিত পদক্ষেপ পরস্পরকে অবহিত করেছেন তারা। উভয় দেশের জনগণ একই ধরণের প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত হয় এবং অধিকাংশ সময়ে একই দুর্যোগেও উভয় দেশ আক্রান্ত হয়। দুর্যোগের আগাম বার্তার তথ্য অবহিত হওয়ামাত্র উভয় দেশ পরস্পরকে অবহিত করবে মর্মে মতবিনিময় সভায় সিদ্ধান্ত হয়। মন্ত্রী বলেন, সামুদ্রিক ঘূর্ণিঝড় ও জলোচ্ছাস থেকে রক্ষা পাওয়ার হাতিয়ার হিসেবে সুন্দরবনকে উল্লেখ করে একে পরিবেশ বিপর্যয় থেকে রক্ষার উপর গুরুত্বারোপ করে সমন্বিতভাবে পদক্ষেপ নিতে সম্মত হয়েছে দু’দেশ। এ বিষয়ে কাজ করতে উভয় দেশে পরস্পর ডেলিগেট পাঠানোর সিদ্ধান্ত হয়। সার্বিক বিবেচনায় এ কসফারেন্সকে সফল হিসেবে মন্ত্রী উল্লেখ করেন।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীর নেতৃত্বে সরকারি বেসরকারি পর্যায়ের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও শিক্ষাবিদ সমন্বয়ে একটি প্রতিনিধিদল এ কনফারেন্সে অংশগ্রহণ করেছিল।