
নিউজ ডেস্ক : প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, ব্রাহ্মণবাড়িয়া ও গাইবান্ধায় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার মতো ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সেজন্য প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্র ও আইনের শাসন আছে। দেশ সুন্দরভাবে এগিয়ে চলেছে। কিছু লোক বেশ কিছুদিন ধরে সাম্প্রদায়িক সম্প্র্রীতি নষ্ট করার চেষ্টা করছে। গতকাল শনিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অর্থায়নে নারিন্দায় ভক্তি বিলাস তীর্থ ভবনের দুটি তলার নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বিচারপতি এ কথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, গাইবান্ধায় সাঁওতালদের ওপর হামলা চালানো হয়েছে। পুড়িয়ে দেওয়া হয়েছে ঘর-বাড়ি। সাঁওতালরা অত্যন্ত দরিদ্র লোক। আমি আশা রাখব আপনারা যারা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীতে আছেন তারা আরেকটু সচেতন হোন, তাহলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না। ধর্মীয় উপাসনালয়গুলোতে যাতে কোনো আঘাত না আসে ঢাকার দুই সিটি মেয়রকেও সেদিকে লক্ষ রাখতে হবে। তিনি বলেন, হাজারীবাগ থেকে বুড়িগঙ্গা পর্যন্ত ফুটপাত দখলকারীদের উচ্ছেদে কার্যক্রম গ্রহণ করেছে দক্ষিণ সিটি করপোরেশন। এছাড়া যারা সিটি করপোরেশনের জমি অবৈধভাবে দখল করে রেখেছে তা উচ্ছেদে যদি কোনো প্রতিবদ্ধকতা থাকলে বিচার বিভাগ সহায়তার হাত প্রসারিত করবে।
দক্ষিণ সিটির মেয়র সাঈদ খোকন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিক মুক্তির সংগ্রামে এগিয়ে যাচ্ছে। এখানে ধর্ম যার যার, উত্সব সবার। তবে কিছু গোষ্ঠী রয়েছে যারা সাম্প্রদায়িকতাকে উস্কে দিচ্ছে। তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। যাতে বাংলাদেশের অগ্রযাত্রাকে কেউ ব্যাহত না করতে পারে।মাধ্ব গৌড়ীয় মঠের সভাপতি বিশিষ্ট শিল্পপতি গিরিধারী লাল মোদীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিচারপতি সৌমেন্দ্র সরকার, হাইকোর্টের বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর, বিচারপতি আশীষ রঞ্জন দাস, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাপস কুমার পাল, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মজুমদার, ইসকন মন্দিরের সভাপতি সত্য রঞ্জন বাড়ৈ, মঠের সাধারণ সম্পাদক উত্পল কুমার রায় প্রমুখ।