News71.com
 Bangladesh
 15 Nov 16, 04:36 PM
 299           
 0
 15 Nov 16, 04:36 PM

স্বয়ংসম্পূর্ণ ও কল্যাণকামী মাইগ্রেশন কম্পাক্ট রচনায় বিদেশীদের একযোগে কাজ করার অঙ্গীকার

স্বয়ংসম্পূর্ণ ও কল্যাণকামী মাইগ্রেশন কম্পাক্ট রচনায় বিদেশীদের একযোগে কাজ করার অঙ্গীকার

নিউজ ডেস্ক : বাংলাদেশের নেতৃত্বে নিউইয়র্কস্থ জাতিসংঘ সদরদপ্তরে সোমবার ‘গ্লোবাল মাইগ্রেশন কম্পাক্ট’-এর উপর গ্লোবাল ফোরাম ফর মাইগ্রেশন এ্যান্ড ডেভেলপমেন্টের (জিএফএমডি) দিনব্যাপী সংলাপে বিদেশী বক্তাগণ মাইগ্রেশন ইস্যুতে বাংলাদেশের নেতৃত্বের ভূঁয়সী প্রশংসা করেন।

বিদেশী বক্তাগণ সকল সংকীর্ণতা পরিহার করে একটি স্বয়ংসম্পূর্ণ ও কল্যাণকামী মাইগ্রেশন কম্পাক্ট রচনার জন্য একযোগে কাজ করারও অঙ্গীকার ব্যক্ত করেন।জিএফএমডি’র দিনব্যাপী এ সংলাপের সমাপনী পর্বে বিদেশী বক্তাদের মধ্যে বক্তৃতা করেন জাতিসংঘের সহকারী সেক্রেটারি জেনারেল থমাস গাস, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ের খ্যাতনামা অধ্যাপক মাইকেল ডয়েল, ইউরোপীয় ইউনিয়নের অভিবাসন বিষয়ক ব্যুরোর প্রধান ক্রিস্টিয়ান লেফলার।সভাপতিত্ব করেন গ্লোবাল ফোরাম ফর মাইগ্রেশন এ্যান্ড ডেভেলপমেন্টের (জিএফএমডি) চেয়ারম্যান ও বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক। সমাপনী পর্ব সঞ্চালনা করেন জেনেভায় নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি শামীম আহসান।
উল্লেখ্য, ২০১৬ সালের জন্য বাংলাদেশ এই ফোরামে সফলতার সাথে নেতৃত্ব দান করছে।

বাংলাদেশের নেতৃত্বে জাতিসংঘে দ্বিতীয়বারের মত জিএফএমডি-এর সভা অনুষ্ঠিত হল। চলতি বছরের জুলাই মাসে জাতিসংঘে এই ফোরামের প্রথম সভা অনুষ্ঠিত হয়।সভাপতি মো. শহীদুল হক তার বক্তৃতায় বলেন, ২০৩০ সালের বিশ্ব হবে জনতার বিশ্ব। কাজেই অভিবাসনের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারী খাতে নবতর সহযোগিতা অত্যাবশ্যক।দিনব্যাপী সংলাপের সূচনা পর্বে স্বাগত বক্তৃতা প্রদান করেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন। এছাড়াও সূচনা পর্বে জিএফএমডি-ট্রোইকা ভূক্ত তিনটি সদস্য রাষ্ট্র জার্মানী, মরক্কো ও তুরস্ক, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মহাপরিচালক রাষ্ট্রদূত উইলিয়াম লেসী সুইং, আন্তর্জাতিক অভিবাসন বিষয়ে জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি পিটার সাদারল্যান্ড-এর জ্যেষ্ঠ উপদেষ্টা গ্রেগরি মেনিয়াতিস এবং অভিবাসী ও রিফিউজি বিষয়ে গৃহীত নিউইয়র্ক ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে জাতিসংঘ মহাসচিবের বিশেষ উপদেষ্টা মিজ ইজুমি নাকামিতসু বক্তব্য রাখেন।জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি জেনারেল জান ইলিয়াসন এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভিডিও বার্তা প্রেরণ করেন।

জাতিসংঘের ৭১তম সাধারণ অধিবেশনে গৃহীত ‘নিউইর্য়ক ডিক্লারেশন ফর রিফিউজিস এ্যান্ড মাইগ্রান্টস’-এর প্রস্তাব অনুযায়ী নেগোসিয়েশিনের মাধ্যমে গ্লোবাল মাইগ্রেশন কম্পাক্ট-এর রূপরেখা চূড়ান্ত করা হবে। যা ২০১৮ সালে অনুষ্ঠিতব্য আন্তঃরাষ্ট্রীয় সম্মেলনে জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রের স্বীকৃতি অর্জন করবে বলে আশা করা হচ্ছে। এ লক্ষ্য অর্জনে যে কর্মযজ্ঞ সূচনা হয়েছে, জিএফএমডি-এর এই সংলাপ তা এগিয়ে নেয়ার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অবদান রাখবে। বাংলাদেশের এই উদ্যোগ কূটনৈতিক মহলে বিশেষভাবে প্রশংসিত হচ্ছে।গ্লোবাল মাইগ্রেশন কম্পাক্টকে সামাজিক, অর্থনৈতিক ও আইনগত দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করে তিনটি পর্বে মূল আলোচনা অনুষ্ঠিত হয়। ৬০-টিরও বেশি সদস্য রাষ্ট্রের প্রতিনিধিবর্গ ছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, এনজিও এবং সুশীল সমাজের প্রতিনিধিগণ এ সকল পর্বে বিষয়ভিত্তিক আলোচনায় অংশ নেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মিজ সাদিয়া ফয়জুন্নেসা, শ্রীলংকায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ এবং জেনেভায় নিযুক্ত মিনিষ্টার মিজ নাহিদা সোবহান এই তিনটি সেশন সঞ্চালনা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন