
নিউজ ডেস্ক : প্রতিযোগিতামূলক ব্যবসায় সক্ষমতা বাড়ানো এবং বাণিজ্য ব্যবস্থার উন্নতি সাধনের মাধ্যমে বাংলাদেশ পূর্ব এশীয় প্রতিবেশী দেশগুলোর মত রফতানি শক্তি হিসেবে আবির্ভূত হতে পারে। যা বৈশ্বিক পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে বাংলাদেশকে সাহায্য করবে।বিশ্বব্যাংক গ্রুপের ‘সাউথ এশিয়াজ টার্ন : পলিসিজ টু বুস্ট কমপিটিটিভনেস এন্ড ক্রিয়েট দ্যা নেক্সট এক্সপোর্ট পাওয়ার হাউজ’ বিষয়ক প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে এই সম্ভাবনার কথা তুলে ধরা হয়েছে। সোমবার পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) সঙ্গে যৌথভাবে বিশ্বব্যাংক এই প্রতিবেদন প্রকাশ করে।
এ উপলক্ষে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশ্বব্যাংক ঢাকা কার্যালয়ের আবাসিক প্রধান চিমিয়াও ফান, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম, বাংলাদেশ, নেপাল ও ভূটানে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) কান্ট্রি ম্যানেজার ওয়েন্ডি জো ওয়ারনার, যুক্তরাজ্যের আলস্টার বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির শিক্ষক অধ্যাপক এসআর ওসমানী, মোহাম্মাদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবীনা হক, এসিআই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ দৌলা, পিআরআই নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর বক্তব্য রাখেন। এতে প্রতিবেদন উপস্থাপন করেন বিশ্বব্যাংক গ্রুপের ট্রেড এন্ড কমপিটিটিভনেস গ্লোবাল প্রাকটিস বিভাগের লিড ইকোনমিস্ট ভিনসেন্ট পলমেড।
বিশ্বব্যাংক তার প্রতিবেদনে বলেছে, গত এক দশক ধরে বাংলাদেশে প্রতিবছর ১৩ শতাংশ হারে রফতানি বৃদ্ধি পেয়েছে। তবে এই মোট রফতানির ৮০ শতাংশ পোশাক খাতে কেন্দ্রিভূত, যার বেশির ভাগই স্বল্প মূল্যের পণ্য-নির্ভর। বাংলাদেশকে তার পোশাক পণ্যের গুন ও মান এবং বৈচিত্র্য বৃদ্ধির পাশাপাশি নতুন শ্রমশক্তি এবং পাদুকা, হালকা প্রকৌশল ও ইলেকট্রনিক্সের মত দক্ষতা নির্ভর শিল্প বহুমূখীকরণ করার মাধ্যমে এই ক্রমবর্ধমান রফতানি প্রবৃদ্ধি অব্যাহত রাখতে হবে।
দক্ষিণ এশিয়ার অপার সম্ভাবনার কথা বর্ননা করে প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, দক্ষিণ এশিয়া ২০৩০ সাল নাগাদ বিশ্বের কর্মক্ষম প্রাপ্তবয়স্কদের এক-চতুর্থাংশেরও বেশির আবাসস্থলে পরিণত হবে। এই অনুকূল জনশক্তি, শিক্ষার বাড়ন্ত স্তর ও নগরগুলোর বর্ধিষ্ণুতার সুযোগ কাজে লাগানো উচিত। প্রতিবেদনে চারটি নীতিগত ক্ষেত্র চিহ্নিত করা করেছে, যা বাংলাদেশের ব্যবসা ও শিল্প প্রতিষ্ঠানগুলোর উৎপাদনশীলতা বৃদ্ধি এবং বৈশ্বিক পর্যায়ে প্রতিযোগিতার ক্ষেত্রে আরো বেশি সক্ষমতা বাড়াতে সাহায্য করবে, ক্ষেত্রসমূহ হলো-ব্যবসায় পরিবেশের উন্নতি, গ্লোবাল ভ্যালু চেইনের সাথে সংযুক্তকরণ, একই অবস্থান থেকে সুবিধাদি সর্বোচ্চকরণ এবং প্রতিষ্ঠাগুলোর সক্ষমতা বাড়ানো।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, বিগত ৩০ বছর আগে বাংলাদেশে ১০ থেকে ২০ শতাংশ হারে খাদ্য ঘাটতি থাকতো। অথচ এখন আমরা খাদ্য স্বংসম্পূর্ণ। বাংলাদেশে প্রায় ১০ শতাংশ কৃষি জমি কমে গেছে, এরপরও আমরা এখন ৩৫ মিলিয়ন খাদ্যশস্য উৎপাদন করছি। গত ৭ বছরে খাদ্য ঘাটতির মত কোন ঘটনা দেশে ছিল না বলে তিনি মন্তব্য করেন।দারিদ্র বিমোচনে বাংলাদেশের অসামান্য সাফল্যের প্রসঙ্গ উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, দারিদ্র্যতা ২২ শতাংশে নেমে আসবে, এ কথা ১০ বছর আগেও বাংলাদেশের মানুষ বিশ্বাস করতো না। অথচ আমরা সেটা করতে পেরেছি। আগামীতে বাংলাদেশ তার অসীম সম্ভাবনাকে ব্যবহার করে দক্ষিণ কোরিয়া-চীনের মত অর্থনৈতিক শক্তি অর্জন করতে সক্ষম হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিশ্বব্যাংকের আবাসিক প্রধান চিমিয়াও ফান বলেন, ‘বাংলাদেশের বিপুল প্রতিযোগিতা সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে, বাণিজ্য ব্যবস্থার উন্নয়ন এবং শিল্প-কারখানার মারাত্মক জমি স্বল্পতা সমস্যার সমাধান করতে হবে।’ সঠিক নীতিমালা এবং উপযুক্ত পরিবেশ থাকলে বাংলাদেশ এশিয়ার ভবিষ্যৎ রফতানি পরাশক্তি না হওয়ার কোন কারণ নেই বলে তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে আইএফসির কান্ট্রি ম্যানেজার ওয়েন্ডি জো ওয়ারনার বলেন, উন্নতমানের ও অধিক কর্মসংস্থান তৈরির ক্ষেত্রে বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি হলো মূল চাবিকাঠি। এর জন্য সরকারকে বিনিয়োগ পরিবেশের উন্নতি এবং বৈশ্বিক ও আঞ্চলিক সরবরাহ শৃঙ্খলার সাথে সংযুক্তি বাড়াতে নীতি সহায়তা আরো বাড়াতে হবে।বিশ্বব্যাংক গ্রুপের ট্রেড এন্ড কমপিটিটিভনেস গ্লোবাল প্রাকটিস বিভাগের লিড ইকোনমিস্ট এবং প্রতিবেদনের লেখক ভিনসেন্ট পলমেড বলেন, পূর্ব এশীয় দেশগুলোতে ক্রমবর্ধমান শ্রম ব্যয়ের কারণে বিনিয়োগকারী ও ক্রেতারা বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর দিকে ঝুঁকছে। প্রতিবছর বাংলাদেশে ২০ লাখেরও বেশি তরুণ কর্মবাজারে প্রবেশ করছে। বাংলাদেশের এখন এই সুযোগ লুফে নিতে অধিক কর্মসংস্থান তৈরির প্রয়োজন।প্রতিবেদনে উল্লেখ করা হয়, সামগ্রিকভাবে দক্ষিণ এশিয়ার দেশগুলো উৎপাদিত পণ্যের পরিমাণ ও মানের ক্ষেত্রে কাঙ্খিত পর্যায়ে পৌঁছতে পারেনি- এর মূল কারণ হলো দক্ষিণ এশীয় প্রতিষ্ঠানগুলোর উৎপাদশীলতা কম। বাংলাদেশের প্রায় ৮০ শতাংশ প্রতিষ্ঠান গড়পড়তা পূর্ব ইউরোপ ও আফ্রিকার দেশগুলোর চেয়ে বেশি কারিগরি উদ্ভাবন প্রয়োগ করে থাকে। কিন্তু তার অধিকাংশই বিদ্যমান পণ্য ও প্রক্রিয়ায় সীমাবদ্ধ।বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর বৈশ্বিক ভ্যালু চেইনে যুক্ত করতে তাদের প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় সংস্কার আরো গভীর করা দরকার।এর জন্য প্রয়োজন রফতানিকারকদের প্রয়োজনীয় জিনিসপত্র আমদানি অধিকতর সহজ করে তোলা এবং ধাপে ধাপে শুল্ক হ্রাস ও বাণিজ্যিক পরিবহন ব্যবস্থার উন্নতি সাধন।একইসাথে প্রতিবেদনে বাংলাদেশে আরো অধিক সংখ্যক অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়েছে।