
নিউজ ডেস্কঃ যশোরের বসুন্দিয়া বাজারের গাইদগাছি এলাকায় শিবিরের আঞ্চলিক অফিসের পেছনে বাগানের মধ্যে বাংকার নির্মাণের সময় ১২ জামাত শিবির জঙ্গীকে আটক করা হয়েছে। সেখান থেকে ১০টি তাজা বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ একটি রামদা উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটলেও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি প্রথমে সাংবাদিকদের বলতে চাননি।
যশোর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইলিয়াস হোসেন সন্ধ্যায় বলেন, গাইদগাছি এলাকার রাশেদুল ইসলামের মেহগনি বাগানের ভেতরে একটি ৩২ ফুট লম্বা ১২ ফুট চওড়া এবং ৮ ফুট গভীর একটি ‘বাংকার’ নির্মাণ করা হচ্ছিল। খবর পেয়ে অভিযান চালিয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ১২ জনকে আটক করে। এ সময় ১০টি বোমা, ২ কেজি জালের কাঠি, ২ কেজি কাচের টুকরো, পটাশ আধা কেজি, সাইকেলের বল ২৫০ গ্রাম, বারুদ ২০০ গ্রাম, ১৫টি লাঠি, জামায়াতের গঠনতন্ত্র একটি ও একটি প্রচার বই উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, খুলনার ডুমুরিয়া এলাকার নূরুজ্জামান (২৬),খুলনার কয়রা উপজেলার কৈখালি এলাকার বাদশাহ (২৪),গাইদগাছি এলাকার টিটো (২৬), যশোরের অভয়নগর উপজেলার ধলিরগাতি এলাকার আব্দুল খালেক (২৫) ও ইকরাম (২২), সাতক্ষীরার বিপ্লব হোসেন(২৫),শহিদুল ইসলাম (২৪), ফারুক (২৪), বিল্লাল হোসেন (১৮), শাহিন হোসেন (২২), যশোর সদরের কেফায়েতনগর এলাকার আব্দুস সালাম (২৭) ও আল আমিন (২৩), ।
আটককৃত সকলকে নির্মাণ শ্রমিক বলে স্থানীয় এক জামায়াত নেতা দাবি করলেও পুলিশ বলছে তারা জামায়াত শিবিরের সক্রিয় সদস্য। বড় ধরনের নাশকতা করার নির্মাণ শ্রমিক বেশে এরা ওই গোপন আস্তানাটি নির্মাণ করছিল। তবে পুলিশের ব্ক্তব্যকে উড়িয়ে দিয়ে জামায়াতে ইসলামীর এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এটি নির্মাণাধীন একটি বাড়ির বেজমেন্ট। নিচে গাড়ি পার্কিংয়ের জন্য ঘর নির্মাণ করা হচ্ছিল। স্থানীয়রা শত্রুতার জের ধরে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ দুপুরের দিকে কর্মরত শ্রমিকদের আটক করে নিয়ে যায়। এটা গোপন কোনো আস্তানা নয়। এটা নির্মাণাধীন বাড়ির বেজমেন্ট।
যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান সাংবাদিকদের বলেন, তিনি ছুটিতে আছেন। বিষয়টি সম্পর্কে তিনি জ্ঞাত নন। তিনি বলেন, প্রাথমিকভাবে এটিকে বাংকার হিসেবেই ধরা হচ্ছে। এখান থেকে জামায়াত-শিবিরের কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তবে, জমির মালিক একজন জামায়াতের লোক। আর নির্মাণাধীন ওই বাংকারের খোলা কোনো সিঁড়ি নেই।