
নিউজ ডেস্ক: খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ ৭ শতাংশর উপরে জিডিপি প্রবৃদ্ধি ধরে রেখেছে, যা দারিদ্র্য বিমোচন ও ক্ষুধা নির্মূলে ইতিবাচক ভূমিকা পালন করছে।
তিনি বলেন, ক্ষুধা ও দারিদ্র্য নির্মূলে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। বাংলাদেশ বিভিন্ন আর্থ-সামাজিক সূচকে গড় আয়ু বৃদ্ধি, শিক্ষার হার বৃদ্ধি, নিম্ন জন্মহার ও শিশু মৃত্যু হ্রাস প্রভৃতি ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি অর্জন করেছে।
খাদ্যমন্ত্রী গতকাল শনিবার রাশিয়ার সোচি-তে অনুষ্ঠিত‘দ্বিতীয় ওয়ার্ল্ড গ্রেইন ফোরাম-২০১৬’ এ বক্তৃতাকালে এ কথা বলেন। তিনি বলেন,‘সব মানুষের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা বর্তমান সরকারের সবচেয়ে গুরুত্ব¡পূর্ণ উদ্দেশ্য এবং এটা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি আন্তরিক ইচ্ছা।’
খাদ্যমন্ত্রী বলেন,‘গত ৩ দশকে বাংলাদেশের খাদ্য উৎপাদন প্রায় ৩ গুণ বৃদ্ধি পেয়েছে। চালে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। বাংলাদেশ শ্রীলঙ্কায় চাল রপ্তানি করেছে।
‘আমরা আরো বাজার খুঁজছি চাল রপ্তানি করার জন্য ’এ কথা উল্লেখ করে মন্ত্রী বলেন,এই খাদ্য প্রাপ্যতা আমাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছে। দুর্যোগকালীন সময়ে কারো সহায়তা ছাড়াই দেশের কোটি মানুষের মুখে খাবার জোগাতে সক্ষম হবো।’
পরে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম রাশিয়া ফেডারেশনের খাদ্যমন্ত্রী আলেক্সজান্ডার টাক্সেভ এর সঙ্গে আলাদা এক বৈঠকে মিলিত হন। বৈঠককালে তিনি খাদ্য ও কৃষি সংক্রান্ত বিষয় ছাড়াও দ্বিপাক্ষিক নানা বিষয়ে আলোচনা করেন।
উল্লেখ্য, খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম রাশিয়া ফেডারেশনের কৃষিমন্ত্রীর আমন্ত্রণে অংশগ্রহণের জন্য গত বুধবার দিবাগত রাত দেড়টায় রাশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। ফোরামে ৫০টির অধিক দেশ থেকে ডেলিগেশন, আন্তর্জাতিক সংগঠনসমূহের প্রধান, বিখ্যাত বিজ্ঞানী ও বিশেষজ্ঞসহ প্রায় ২৫০০ ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
আগামী মঙ্গলবার তার দেশে ফেরার কথা রয়েছে।