News71.com
 Bangladesh
 24 Nov 16, 11:55 AM
 372           
 0
 24 Nov 16, 11:55 AM

সরকার লক্ষ্মীপুরে ভাঙ্গন কবলিত ভূমিহীনদের পুনর্বাসনের চেষ্টা চালাচ্ছে ।। পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল

সরকার লক্ষ্মীপুরে ভাঙ্গন কবলিত ভূমিহীনদের পুনর্বাসনের চেষ্টা চালাচ্ছে ।। পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল

নিউজ ডেস্ক: পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, সরকার লক্ষ্মীপুরে নদী ভাঙ্গন কবলিত ভূমিহীনদের পুনর্বাসনের চেষ্টা করছে।

তিনি বলেন, ‘যেসব চরে খাসজমি রয়েছে, সেখানে জেলা প্রশাসনের মাধ্যমে ভাঙ্গন কবলিত অসহায় মানুষের পুনর্বাসন করা হবে।’ লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলার নদী তীর সংরক্ষণ কাজ পরিদর্শনে এসে মন্ত্রী বুধবার এসব কথা বলেন।


আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘মেঘনার মতো এতো বড় নদীর ভাঙ্গন চাইলেই প্রতিরোধ করা সম্ভব নয়। পর্যায়ক্রমে ভাঙ্গন ঠেকাতে সরকারের আন্তরিকতা ও পরিকল্পনা রয়েছে। বর্তমানে ভাঙ্গন থেকে স্কুল কলেজসহ সরকারি বেসরকারী স্থাপনাগুলো রক্ষার চেষ্টা চলছে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ভাঙ্গন কবলিত ২০ হাজার মানুষকে পুনর্বাসন করা খুবই কষ্টসাধ্য বিষয়, তবুও সরকারের আন্তরিকতা ও ইচ্ছার অভাব নেই। নদী ভাঙ্গন কবলিতদের দুঃখ লাঘব করার চেষ্টা চলছে।

এসময় উপস্থিত ছিলেন, পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম, সংসদ সদস্য আবদুল্লাহ আল মামুন, মোহাম্মদ নোমান, জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী, পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শামছুল আলম, কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান মোল্লা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম নুরুল আমিন মাস্টার।

পরে বিকেলে তিনি কমলনগর নদী তীর রক্ষা বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করেন এবং কমলনগরের হাজিরহাট হামেদিয়া ফাজিল মাদ্রাসা মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলায় মেঘনা নদীর অব্যাহত ভাঙন প্রতিরোধের জন্য ২০১৪ সালের আগস্ট মাসে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে ১৯৮ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন হয়। ওই প্রকল্পের বরাদ্দ দিয়ে রামগতি উপজেলার সাড়ে চার কিলোমিটার ও কমলনগরে এক কিলোমিটার নদীর তীরে সিসি ব্লক-বাঁধের আওতায় আনার কাজ শুরু হয়েছে। সেনাবাহিনী ও নৌ বাহিনীর তত্ত্বাবধানে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ওই কাজ বাস্তবায়ন করছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন