News71.com
 Bangladesh
 24 Nov 16, 11:58 AM
 472           
 0
 24 Nov 16, 11:58 AM

ভুল বুঝতে পেরে জঙ্গিরা আত্মসমর্পণ করছে ।। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

ভুল বুঝতে পেরে জঙ্গিরা আত্মসমর্পণ করছে ।। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

নিউজ ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি বলেছেন, জঙ্গিরা তাদের ভুল বুঝতে পেরে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য আত্মসমর্পণ করতে শুরু করেছে।
বুধবার এখানে শীতল অডিটরিয়াম সেন্টারে জঙ্গিবাদ বিরোধী সমাবেশ ও জঙ্গিদের আত্মসমর্পণ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জঙ্গিদের সংখ্যা হ্রাস পেয়েছে এবং শিগগিরই তারা আত্মসমর্পণ করবে।’


নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর তিন সদস্য এই অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে আইন প্রয়োগকারী সংস্থার কাছে আত্মসমর্পণ করে। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩ এর আয়োজন করে।

আত্মসমর্পণকারীরা হলো : হাফেজ মো. মাসুদ রানা ওরফে হাফেজ মাসুদ। বয়স ১৮ বছর। পিতার নাম মন্ডেল হোসেন। বাড়ি লোহারবান গ্রামে। হাফিজুর রহমান। বয়স ১৬ বছর। পিতার নাম জিল্লুর রহমান। বাড়ি বিন্নাগারি গ্রামে। মো. আখতারুজ্জামান ওরফে আখতারুল। বয়স ১৮ বছর। পিতার নাম সারোয়ার হোসেন। বাড়ি জয়রামপুর গ্রামে। সবাই দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার বাসিন্দা।

আত্মসমর্পণের পর জঙ্গি মাসুদ রানা তার জঙ্গি হওয়ার কাহিনী বর্ণনা করে। ২০১৫ সালে সে তখন ঘোড়াঘাট উপজেলার রামেশ্বর দারুল হুদা ফাজিল মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্র। নূরপুর সালাফিয়া ক্যাডেট মাদ্রাসার কেরানী আরিফুল তাকে প্ররোচিত করে জেএমবিতে যোগদান করায়।


মাসুদ রানা জানায়, ‘আরিফুল আমাকে বোমা, গ্রেনেড বানানোর প্রশিক্ষণ দেয়। এবছর বিভিন্ন জায়গায় জঙ্গি হামলার জন্য আমরা পরিকল্পনা করি। আমি আমার ভুল বুঝতে পেরে আত্মসমর্পণ করার সিদ্ধান্ত নেই।’ সে বিপথগামী অন্য যুবকদের সঠিক পথে ফিরে আসার আহ্বান জানায়।

আত্মসমর্পণকারী আখতারুজ্জামানের পিতা সারোয়ার হোসেন বলেন, ‘আমার ছেলে ভুল পথে গিয়েছিল... ভুল বুঝতে পেরে সে এখন ফিরে এসেছে।’ স্বরাষ্ট্রমন্ত্রী আত্মসমর্পণকারী তিন জঙ্গিকে স্বাগত জানান এবং তাদের পুনর্বাসনে সহায়তা হিসেবে প্রত্যেককে ৫ লাখ টাকার চেক হস্তান্তর করেন।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বাধীনতাবিরোধী শক্তি পেট্রোল বোমা মেরে, নির্দোষ ব্যক্তিদের পুড়িয়ে ও যানবাহন ভাঙচুর করে ৯১ দিন সন্ত্রাসী হামলা চালিয়ে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র বানাতে ব্যর্থ হয়েছে।

মন্ত্রী বলেন, বাংলাদেশের ভাবমূর্তি বিনষ্ট করতে ষড়যন্ত্রকারীরা নির্দোষ বিদেশীদের হত্যা করেছে, এই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংস করতে মন্দির, প্যাগোডা ও চার্চের পুরোহিতদের হতাহত করেছে।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন দ্রুত উন্নয়নের দিকে এগুচ্ছে, তখন ইসলামের সুনাম বিনষ্ট করতে এবং মুসলমানদের সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করতে ষড়যন্ত্রকারীরা হলি আর্টিজান বেকারী ও সোলাকিয়া ঈদগাহ মাঠে আবার হামলা চালায়।’

তিনি বলেন, ‘দেশের মানুষ এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে জঙ্গিদের প্রতিহত করতে ঐক্যবদ্ধ হয়েছে। কেউ যেন ইসলামের সুনাম বিনষ্ট করতে না পারে সেজন্য তিনি ইমাম, ওলামা-মাশায়েখ, শিক্ষক, ছাত্র ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।

এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, রংপুরের মেয়র শরফুদ্দিন আহমেদ ঝন্টু, র‌্যাব-এর ডিজি বেনজির আহমেদ, বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ, ডিআইজি খন্দকার গোলাম ফারুক ও বিজিবি’র রংপুর সেক্টর কমান্ডার কর্নেল মোয়াজ্জেম হোসেন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন। সভাপতিত্ব করেন র‌্যাব-১৩ এর ব্যাটালিয়ন কমান্ডার এটিএম আতিকুল্লাহ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন