News71.com
 Bangladesh
 25 Nov 16, 12:19 PM
 404           
 0
 25 Nov 16, 12:19 PM

চার্জশিটভুক্ত ও সাজাপ্রাপ্ত।। গ্রেফতারে মাঠে নামছে দুদক

চার্জশিটভুক্ত ও সাজাপ্রাপ্ত।। গ্রেফতারে মাঠে নামছে দুদক

নিউজ ডেস্ক: চার্জশিটভুক্ত ও দণ্ডপ্রাপ্ত আসামিদের গ্রেফতারে নামছে দুর্র্নীতি দমন কমিশন (দুদক)। এ লক্ষ্যে একটি অফিস নির্দেশনা চেয়ে আইনি মতামত কমিশনে পেশ করা হয়েছে। ফৌজদারি দণ্ডবিধির ৫৪ ধারা প্রয়োগ করেই আসামিদের গ্রেফতার করা সম্ভব বলে মতামতে উল্লেখ করা হয়েছে। বিষয়টি এখন কমিশনের অনুমোদনের অপেক্ষায়। দুদক সচিব আবু মো. মোস্তফা কামাল বলেন, চার্জশিটভুক্ত এবং দণ্ডপ্রাপ্ত আসামিকে দুদক কখনও গ্রেফতার করেনি। এ বিষয়ে কমিশন সিদ্ধান্ত নিলে হয়তো তাদের গ্রেফতার করা সম্ভব।

 

নির্ভরযোগ্য সূত্র জানায়, আইনের আওতার বাইরে থাকা আসামিদের প্রকৃত সংখ্যা দুদক দিতে পারেনি। তবে নাম প্রকাশ না করে একজন মহাপরিচালক জানিয়েছেন, এ সংখ্যা সাড়ে ৪শ’র মতো। গত ৭ মাসে দুদক অভিযান চালিয়ে পৌনে ৪শ’ আসামি গ্রেফতার করেছে। এর মধ্যে এজাহারবহির্ভূত আসামি থাকলেও চার্জশিটভুক্ত কিংবা সাজাপ্রাপ্ত কাউকে গ্রেফতার করা হয়নি। অথচ ফৌজদারি দণ্ডবিধির ৫৪ ধারায় দণ্ডপ্রাপ্ত আসামিকেও দুদক গ্রেফতার করতে পারে।

এ বিষয়ে দুদক মহাপরিচালক (আইন) মঈদুল ইসলাম বলেন, দুদক দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত আসামিকে ৫৪ ধারায় গ্রেফতার করে আদালতে সোপর্দ করতে পারে। দুদক এখন অনেক কিছুই করছে যা আগে করেনি। এ প্রক্রিয়ায় দণ্ডপ্রাপ্ত আসামিদেরও গ্রেফতার করতে পারে। তিনি বলেন, শুধু দুদক নয়, দণ্ডপ্রাপ্ত আসামিকে যে কোনো ব্যক্তিই ধরে আইনশৃংখলা বাহিনী কিংবা আদালতে সোপর্দ করতে পারে। দুদক তো পারেই। এ বিষয়ে দুদক আইন শাখা কমিশনে একটি মতামত পাঠিয়েছে।

কেস স্টাডি-১ : দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ২৬(২) ধারায় খুলনা রেঞ্জের অতিরিক্ত পুলিশ কমিশনার শেখ জয়নুদ্দীনের সম্পদ বিবরণী চেয়েছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিবরণী দাখিল না করায় ২০১৫ সালের ২৭ এপ্রিল তার বিরুদ্ধে ‘নন-সাবমিশন’ মামলা হয়। প্রায় এক বছর তদন্ত শেষে চলতি বছরের ৬ মার্চ চার্জশিটও দাখিল হয়। দাখিলের ৭ মাস পর ২৭ অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ আদালতে চার্জশিট গৃহীত হয়। মামলা দায়ের থেকে চার্জশিট গ্রহণ পর্যন্ত প্রায় পৌনে ২ বছর জামিন নেয়ার সুযোগ দেয়া হলেও শেখ মো. জয়নুদ্দীন জামিন নেননি। সেগুনবাগিচার কার্যালয়ে এসে প্রায়ই তাকে ঘোরাফেরা করতে দেখা যায়। অথচ পৌনে দুই বছরেও সংশ্লিষ্ট দুদক কর্মকর্তা তাকে গ্রেফতারের জন্য ‘খুঁজে’ পাননি। মামলাটি এখন চার্জ গঠন শুনানির জন্য ঢাকা বিভাগীয় বিশেষ জজ আদালতে বিবেচনাধীন রয়েছে।

কেসস্টাডি-২ : দুর্নীতি মামলায় ৭ বছর সাজাপ্রাপ্ত আসামি বাড্ডার মো. খবিরউদ্দিন। মাধ্যমিক শিক্ষা অধিদফতরে অডিট বিভাগে চাকরিকালে তিনি বিপুল অবৈধ সম্পদের মালিক হন। অনুসন্ধানে সত্যতা পাওয়ায় দুদক মামলা করে। তদন্তেও প্রমাণিত হয় দুর্নীতির অভিযোগ। দুদকের উপপরিচালক রাহিলা খাতুন ২০১৩ সালে তার বিরুদ্ধে চার্জশিট দেন। ঢাকার বিশেষ জজ আদালত তাকে কারাদণ্ডের পাশাপাশি ২২ লাখ টাকা জরিমানা করে। অর্জিত অবৈধ সম্পত্তি বাজেয়াপ্ত করে। দণ্ডপ্রাপ্ত খবিরউদ্দিন রাজধানীর বাড্ডা এলাকায় দুর্নীতির অর্থে গড়ে তোলা আলিশান ভবনেই নির্বিঘ্নে বসবাস করছেন। বিচারিক আদালত রমনা থানার মাধ্যমে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলেও ভাটারা থানা পুলিশ খুঁজে পাচ্ছে না তাকেও।

প্রভাবশালী পুলিশ কর্মকর্তা শেখ জয়নুদ্দীন কিংবা বিত্তশালী খবিরউদ্দিনের মতো অন্তত সাড়ে ৪শ’ আসামি ঘুরে বেড়াচ্ছেন প্রকাশ্যে। গ্রেফতারের জন্য দায়িত্বশীল ব্যক্তিদের ‘ম্যানেজ’ করেই তারা ধরাছোঁয়ার বাইরে থাকছেন। দুদক মামলার বাদী হলেও সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল হওয়ার দোহাই দিয়ে গ্রেফতারের দায়িত্ব এড়িয়ে চলেছেন। গ্রেফতারি পরোয়ানা থাকলেও ‘খুঁজে না পাওয়া’র অজুহাতে গ্রেফতার করছে না পুলিশ। গ্রেফতার করা না করা প্রসঙ্গে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, দুদকের কাছে মানুষ আইনের সুষম প্রয়োগ প্রত্যাশা করে। প্রভাবশালীদের গ্রেফতার করা যাবে না- এ নীতিতে দুদকের চলা উচিত নয়। আদালতের এখতিয়ারে চলে গেছে বলে দুদক তার নিজস্ব মামলার আসামিকে না ধরাটি দায় এড়ানোর মতো। একই প্রশ্নে আইনজ্ঞ ড. শাহদীন মালিক বলেন, আইন যদি সবার জন্য সমান না হয় তাহলে আইনের শাসন থাকে না। দুদককে এ বিষয়টির দিকে নজর দেয়া উচিত। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ যুগান্তরকে বলেন, চুনোপুঁটি নয়- রাঘববোয়ালদের ধরে দুদক দৃষ্টান্ত স্থাপন করুক। আইনের মারপ্যাঁচ দিয়ে প্রভাবশালীদের রক্ষার চেষ্টা দুদকের ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়াকে ব্যাহত করবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন