News71.com
 Bangladesh
 01 Dec 16, 09:20 AM
 276           
 0
 01 Dec 16, 09:20 AM

রায়পুরায় প্রধান সড়কে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ ।।

রায়পুরায় প্রধান সড়কে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ ।।

নিউজ ডেস্ক: রায়পুরা পৌর এলাকার প্রধান সড়কে প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে সড়ক ও জনপদ বিভাগের নির্মাণাধীন আরসিসি ঢালাই কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। অনেক বছর ধরে যোগাযোগের ক্ষেত্রে চরম ভোগান্তির শিকার হয়ে আসছেন রায়পুরা উপজেলাবাসী। তাদের দাবির পরিপ্রেক্ষিতে সম্প্রতি রায়পুরা পিটিআই থেকে তুলাতলী বাজার মোড় হয়ে বারৈচা মহাসড়ক পর্যন্ত তিনটি অংশে প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে রাস্তা পুন:নির্মাণের টেন্ডার হয়। এর মধ্যে পিটিআই থেকে তুলাতলী বাজার পর্যন্ত তিন অংশে হবে আরসিসি ঢালাই। কাজটির কার্যাদেশ পায় মেসার্স মাসুদ ইন্টারন্যাশনাল হাইটেক ইঞ্জিনিয়ারিং নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান।

স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, চলতি সপ্তাহে শুরু হয় আরসিসি ঢালাইয়ের কাজ। শুরু থেকেই এলাকাবাসী ও সচতেন মহলের বাধা অতিক্রম করে নির্মাণ প্রতিষ্ঠান তাদের মনগড়া মতো গভীর রাতে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। যেখানে ব্যবহার হচ্ছে নিম্নমানের মরা পাথর, ঢালাইয়ে বালুর পরিমাণ বেশি, নন গ্রেডের রড, পিচের বড় বড় কংক্রিটের উপর সিসি ঢালাইসহ নিম্নমানের সামগ্রী। যান চলাচলের রাস্তা বন্ধ থাকা সত্ত্বেও দিনে কাজ না করে রাতের অন্ধকারে ঢালাইয়ের কাজ করায় সচেতন মহলে কাজের গুণগত মান নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ভোররাতে কাজ চলাকালে ক্ষুব্ধ এলাকাবাসী বাধা দেয়।

খবর পেয়ে পৌর আওয়ামী লীগের সভাপতি মো. মাহবুব আলম শাহীন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিলন মাস্টার, স্থানীয় কাউন্সিলর রমজান আলীসহ নেতৃস্থানীয় ব্যক্তিরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পান। এ সময় সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী সোলাইমান এবং উপ-সহকারী প্রকৌশলী তুষার চন্দ্র সরকারের কাছে কাজের নির্দেশনার কপি দেখতে চাইলে দেখাতে পারেননি। এ অবস্থায় ক্ষুব্ধ এলাকাবাসী সাময়িকভাবে নির্মাণ কাজ বন্ধ করে দেয়।

এদিকে সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী সুলাইমান বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই রাতে কাজ করছি।

নরসিংদী সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান বলেন, নির্মাণ কাজ সঠিক নিয়মেই হচ্ছে। তাতে কোনো সন্দেহ নেই। আপাতত নির্মাণ কাজ বন্ধ রয়েছে। তবে উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বলে পরবর্তিতে কাজ শুরু করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন