
নিউজ ডেস্কঃ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় সোনাপুর ইউনিয়নে মোবাইল এজেন্টের মাধ্যমে পল্লি বিদ্যুতের বিলের অর্থ জমা দিতে গিয়ে প্রতারণার শিকার হচ্ছেন ওই এলাকার প্রায় পাঁচ শতাধিক গ্রাহক। যে কারণে বিল বকেয়া দেখিয়ে ওই সব গ্রাহকদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করছে স্থানীয় পল্লি বিদ্যুৎ সমিতি। গ্রাহকরা মোবাইল এজেন্টে মাধ্যমে বিল জমা দেয়ার কাগজ দেখালেও সেটি ভুয়া বলে প্রমাণিত হওয়ায় এ নিয়ে এলাকায় প্রচণ্ড ক্ষোভের সৃষ্টি হয়েছে। বর্তমানে ওই ইউনিয়নের পল্লি বিদ্যুতের এজেন্ট আলমগীর হোসেন টেলিকমের মালিকসহ কর্মচারীরা দোকান বন্ধ করে পালিয়ে রয়েছে। আলমগীর একই ইউনিয়নের দক্ষিণ রাখালীয়া গ্রামের বাসিন্দা।
আজ সোমবার দুপুরে গ্রাহক আবুল কাশেম পাটোয়ারী, জাকির হোসেন, হারুনুর রশিদ ও নুর আলম মিলনসহ আরো কয়েকজন অভিযোগ করেন, তারা বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি মাসের বিদ্যুৎ বিল এলাকার আলমগীর হোসেনের টেলিকমে মোবাইল ফোনের মাধ্যমে পরিশোধ করে আসছে এবং বিলের কাগজে পরিশোধের সিলমোহরও রয়েছে। কিন্তু চলতি মাসে এলাকার প্রায় শাতাধিক গ্রাহকের ৪ ও ৫ মাসের বিল বকেয়া দেখিয়ে পল্লি বিদ্যুৎ সমিতির কর্মচারীরা গ্রাহকদের বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে শুরু করে। এ সময় গ্রাহকরা বিল পরিশোধের কাগজ দেখালে বেরিয়ে আসে ওই এজেন্ট গ্রাহকদের বিল জমা নিলেও তা পল্লি বিদ্যুতের একাউন্টে জমা করেনি। এতে তারা প্রতারণার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ব্যাপারে অভিযুক্ত আলমগীরের সঙ্গে একাধিবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
উপজেলা পল্লি বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার সুদাস চন্দ্র রক্ষিত বলেন, ‘টেলিটকের মাধ্যমে ওই এজেন্ট পল্লি বিদ্যুতের বিল জমা নিয়ে থাকে। বিল নিয়ে গ্রাহকের সঙ্গে প্রতারণা বিষয়টি আমরা টেলিটক কোম্পানিকে জানাবো। গ্রাহকদের পরিশোধিত বিলের কাগজটি রাখার জন্য বলা হয়েছে।’