
নিউজ ডেস্কঃ দুই দিন আগে নাটোর থেকে নিখোঁজ তিন যুবকের গুলিবিদ্ধ লাশ মিলেছে আজ সোমবার ভোরে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রাণীগঞ্জ এলাকায়। গত শনিবার রাতে তারা স্থানীয় একটি দোকানে চা খাচ্ছিলেন, এ সময় সাদা পোশাকধারী ১৫/১৬ জন লোক এসে তাদের ধরে নিয়ে যায় বলে অভিযোগ স্বজনদের। দুদিন নিখোঁজ থাকার পর গতকাল ওই তিনজনের মাথায় গুলিবিদ্ধ লাশ মিললো।
নিহতরা হলেন: মেহেদী হাসান আব্দুল্লাহ (২৭), রেদোয়ান সাব্বির (২২) ও সোহেল রানা (২৫)। সাব্বিরকে যুবলীগ নেতা ও সোহেল রানাকে যুবলীগ কর্মী বলে দাবি করা হয়েছে। আর আব্দুল্লাহ অনলাইন সংবাদপত্র বাংলা টাইমসবিডি ২৪ এর নির্বাহী সম্পাদক বলে জানা গেছে।
মেহেদী হাসান আব্দুল্লাহ শহরের কানাইখালী এলাকার মাওলানা মো. লুত্ফর রহমানের ছেলে, রেদোয়ান সাব্বির একই এলাকার মৃত আকরাম হোসেন সোনা মিয়ার ছেলে এবং শহরের কালুর মোড় এলাকার কালু ব্যাপারীর ছেলে সোহেল রানা।
নিহতদের পরিবারের অভিযোগ, গত ৩ নভেম্বর রাত ১১টার দিকে নাটোর সদর উপজেলার তোকিয়া বাজারের একটি চায়ের দোকান থেকে সাদা পোশাকধারী ১৫ থেকে ১৬ জন ব্যক্তি তাদের আচমকা ধরে দুটি মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায়। এরপর থেকে তারা তিনজন নিখোঁজ থাকায় পরিবারের লোকজন পুলিশ ও র্যা বকে বিষয়টি জানিয়েও তাদের কোনো খোঁজ-খবর পায়নি। শেষে রেদোয়ান সাব্বিরের মা রুখসানা বেগম নাটোর সদর থানায় একটি জিডি করেন। গতকাল সকালে পরিবারের কাছে বিভিন্ন মাধ্যমে খবর আসে দিনাজপুরের ঘোড়াঘাটে নিখোঁজ তিনজনের গুলিবিদ্ধ লাশ পাওয়া গেছে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুজ্জামান জানান, কলাবাড়ী মাদরাসার পাশে এবং পুলিশ বক্সের কাছে এলাকাবাসী তিনটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশের এসআই সাইফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ সদস্য লাশ তিনটি উদ্ধার করে থানায় নিয়ে যান। নিহত তিনজনই মাথায় গুলিবিদ্ধ হন।
নিহত রেদোয়ান সাব্বির নাটোর পৌর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য এবং সোহেল রানা যুবলীগ কর্মী বলে দাবি করেছেন নাটোর পৌর যুবলীগের আহ্বায়ক অ্যাডভোকেট মো. সায়েম হোসেন উজ্জ্বল ও নাটোর জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুহুল আমিন বিপ্লব।
এ ব্যাপারে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, নিহত আব্দুল্লাহর নামে কোনো মামলা নেই, তবে রেদোয়ান সাব্বিরের নামে নাটোর সদর থানায় হত্যাসহ ১২টি এবং সোহেল রানার বিরুদ্ধে ৩টি মামলা আছে।
পুলিশ লাশ উদ্ধার করে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ময়নাতদন্তের পর লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে, দিনাজপুর থেকে স্টাফ রিপোর্টার জানান, জেলার পুলিশ সুপার হামিদুল আলম বলেছেন, লাশ ৩টির কাছে ৪টি মোবাইল ফোন পাওয়া যায়। এর মধ্যে ৩টি মোবাইল ফোন লক করা ছিল। একটি মোবাইল খোলা থাকায় ওই মোবাইলের কল লিস্ট থেকে কল করার পর এদের পরিচয় নিশ্চিত হওয়া যায়।