News71.com
 Bangladesh
 05 Dec 16, 11:56 PM
 263           
 0
 05 Dec 16, 11:56 PM

গুলশান হামলা: ২২ জানুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ ।।

গুলশান হামলা: ২২ জানুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ ।।

নিউজ ডেস্কঃ গুলশানের হলি আর্টিজান রেস্তোরায় জঙ্গি হামলার ঘটনায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আগামী ২২ জানুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার ধার্য তারিখে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট তদন্ত প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম সাব্বির ইয়াছির আহসান চৌধুরী নতুন করে এ তারিখ ধার্য করেন।

অন্যদিকে, এ হামলার তদন্তকারী সংস্থা ডিএমপির কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্স ন্যাশনাল সাইবার ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেছেন, হলি আর্টিজানে হামলার ঘটনায় আরো চার-পাঁচ জঙ্গিকে গ্রেফতার করতে পারলেই মামলা তদন্তের সমাপ্তি টানা যাবে। গুলশান হামলা মামলার তদন্তের অগ্রগতির বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, গুলশান হামলার ঘটনা তদন্ত করতে গিয়ে আরো পাঁচজনের নাম পেয়েছেন তারা। জঙ্গি হামলার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তারা জড়িত। তারা হলো, নুরুল ইসলাম মারজান, রাজীব গান্ধী ওরফে সুভাষ গান্ধী ওরফে গান্ধী, বাশারুজ্জামান ওরফে চকলেট বাশার ওরফে চকলেট, রিপন ও খালিদ। এই পাঁচজন তত্পর থাকায় নব্য জেএমবিকে পুরোপুরি নিশ্চিহ্ন করা যায়নি। তারা যে কোনও ধরনের হামলা ও নাশকতা চালাতে পারে বলে গোয়েন্দারা আশঙ্কা প্রকাশ করছেন।

পুলিশ জানিয়েছে, রাজীব গান্ধী ওরফে সুভাষ গান্ধী ওরফে গান্ধী নব্য জেএমবি’র উত্তরবঙ্গের কমান্ডার। গুলশান ও শোলাকিয়ার হামলার পরিকল্পনার অন্যতম একজন তিনি। কোনও হামলায় দক্ষ সন্ত্রাসীর প্রয়োজন হয়, তখন তিনি তা সরবরাহ করতেন। গুলশান হামলায় দুই জন এবং শোলাকিয়া একজন সন্ত্রাসী তিনি পাঠিয়েছিল। তাছাড়া, মারজান গুলশান হামলায় অস্ত্র সরবরাহ করেছিলেন।

ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেন, ‘জঙ্গিদের বর্তমানে হামলা চালানোর সামর্থ নেই। তবে তারা চেষ্টা অব্যাহত রেখেছে। যে চার-পাঁচজন পলাতক রয়েছে, তাদের গ্রেফতার করা গেলে এই মামলার তদন্তের আরও অগ্রগতি হবে। আমরা টাকা ও অস্ত্রের উত্স মোটামুটিভাবে পেয়েছি।’

সিটিটিসির তদন্ত সংশ্লিষ্টরা জানান, ঘটনার পর হলি আর্টিজান পুলিশের হেফাজতে ছিল। মামলার তদন্তের প্রয়োজনে মাঝে মধ্যেই হলি আর্টিজান বেকারি পরিদর্শন করতেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। মালিক বা অন্য কারও হলি আর্টিজানের ভিতরে প্রবেশের অনুমতি ছিল না।

২০১৪ সালের জুন মাসে চালু হওয়া হলি আর্টিজান বেকারি বিদেশি নাগরিকদের কাছে জনপ্রিয় রেস্তোরাঁ হিসেবে পরিচিত ছিল। সাদাত মেহেদী, তার স্ত্রী সামিরা আহমেদ, তাদের বন্ধু নাসিমুল আলম পরাগসহ কয়েকজন মিলে এই রেস্তোরাঁটি চালু করেছিলেন। প্রথমে আন্তর্জাতিক চেইন শপ হলি আর্টিজান বেকারির শাখা হিসেবে এটি চালু করা হয়। সমপ্রতি হলি আর্টিজান বেকারির জমি ও ভবনের মালিক সামিরা আহমেদ হলি আর্টিজান ভবনটি নিজেদের নিয়ন্ত্রণ ফিরে পেতে আদালতে আবেদন করেন। আদালত তদন্ত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের ভবনটি মালিকের কাছে ফিরিয়ে দেয়ার নির্দেশ দেন। গত ১৩ নভেম্বর মামলার তদন্ত সংস্থা কাউন্টার টেরোরিজম ইউনিট ভবনটি সামিরা ও তার স্বামী সাদাত মেহেদীর কাছে বুঝিয়ে দিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন