
নিউজ ডেস্কঃ ৬ দিন বন্ধ থাকার পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে আবারও আমদানি-রফতানি শুরু হয়েছে । চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স ও ভারতের মালদা চেম্বারের উদ্যোগে আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে বন্দরের কার্যক্রম ফের শুরু হয় ।
পানামা-সোনামসজিদ পোর্টের সমন্বয়ক মাইনুল ইসলাম বলেন, বিকেল সাড়ে ৫টা থেকে পচনশীল কাঁচামালবাহী ৭০টি ভারতীয় ট্রাক বন্দরে প্রবেশ করেছে । তবে ভারতীয় বোল্ডার ও পাথর আমদানি শুরু হবে রোববার থেকে ।
চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল ওয়াহেদ বলেন, আজ দুপুর থেকে বিকেলে পর্যন্ত সোনামসজিদ স্থলবন্দরের শূন্য রেখায় ভারতের মালদা চেম্বার অব কমার্সের সভাপতি উজ্জল সাহার নেতৃত্বে ভারতীয় প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করা হয় । সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১০ দিন আগের দামেই সোনামসজিদ বন্দরে পাথর রফতানি করবে মোহদীপুর শুল্ক স্টেশনের ব্যবসায়ীরা ।
তিনি আরও বলেন, আগামী ২২ মার্চের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের প্রতিনিধি দল ভারতের মালদা গিয়ে পাথর আমদানির মূল্য নির্ধারণী বৈঠক করবে। পরে মালদা চেম্বারের প্রতিনিধি দল অনুরূপ বৈঠক করবে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার ভবনে এসে। উভয় দেশের ব্যবসায়ী প্রতিনিধিদের যৌথ সিদ্ধান্তে পাথরের আমদানি-রফতানি মূল্য নির্ধারণ করা হবে এবং সেই সিদ্ধান্ত মেনে নেবেন মোহদীপুর ও সোনামসজিদের পাথর ব্যবসায়ীরা।
উল্লেখ্য, ভারত থেকে আনা পাথরের মূল্য নিয়ে জটিলতা ও নিম্নমানের প্রতিবাদে গত ৬ মার্চ পাথর আমদানি স্থগিত করেন সোনামসজিদ বন্দরের আমদানিকারকরা । এ প্রেক্ষাপটে ৭ মার্চ থেকে সব ধরনের ভারতীয় পণ্য রফতানি বন্ধ করে দেয় মোহদীপুর শুল্ক স্টেশনের রফতানিকারকরা ।
বৈঠকে সোনামসজিদ স্থলবন্দরের আমদানিকারক নেতারা ছাড়াও ভারতের মোহদীপুর শুল্ক স্টেশনের রফতানিকারক নেতারা উপস্থিত ছিলেন বলেন তিনি ।
চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ আরও বলেন, গৃহীত এ সিদ্ধান্ত মেনে নেয়া হবে মর্মে উভয় দেশের আমদানি-রফতানিকারক নেতা ও পাথর ব্যবসায়ীরা লিখিত অঙ্গীকার করেন । এর পরিপ্রেক্ষিতে বিকেল সাড়ে ৫টায় সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু হয় । তবে ৬ দিন যাবত পচনশীল আমদানি পণ্যবাহী ট্রাক আটকে থাকায় শনিবার বিকেলে পেঁয়াজ, কমলা, আপেল, আঙ্গুরসহ কাঁচামালের ৭০/৮০টি ভারতীয় ট্রাক সোনামসজিদ বন্দরে প্রবেশ করেছে । আগামীকাল রোববার সকাল থেকে পদ্মা সেতু ও রূপপুর প্রকল্পের পাথর আমদানি শুরু হবে ।