News71.com
 Bangladesh
 23 Mar 16, 10:42 AM
 835           
 0
 23 Mar 16, 10:42 AM

সিএমপির ওসি মইনুলের বিরুদ্ধে মামলার নির্দেশ আদালতের।।

সিএমপির ওসি মইনুলের বিরুদ্ধে মামলার নির্দেশ আদালতের।।

নিউজ ডেস্ক: নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইনে চট্টগ্রামের সদরঘাট থানার ওসি মঈনুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে মামলা রেকর্ড করার জন্য পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছেন আদালত। পাশাপাশি একই আইনে তার বিরুদ্ধে নির্যাতনের শিকার ছাত্রলীগ নেতার দায়ের করা মামলাটি তদন্তের জন্য নগর পুলিশের কোতয়ালি জোনের সহকারি কমিশনার মো.মঈনউদ্দিনকে নির্দেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার বিকালে চট্টগ্রাম মহানগর হাকিম ফরিদ আলম এসব আদেশ দেন।

এর আগে দুপুরে মারধর ও নির্যাতনের অভিযোগে সদরঘাট থানার ওসি মঈনুল ইসলাম ভূঁইয়া, উপ-পরিদর্শক (এসআই) মো.সালেকসহ চারজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা আব্দুর রহিম জিল্লু। আদালত মামলাটি গ্রহণ করে আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছিলেন। বিকেলে মামলার নথিতে আদেশের বিষয়টি উল্লেখ করা হয়।

মামলায় বাদিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আকবর আলী বলেন, নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইন, ২০১৩ এর ৫ ধারা অনুযায়ী আদালত সদরঘাট থানার ওসিসহ জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের জন্য পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছেন। একই আইনের ৫ (৫) ধারা অনুযায়ী নির্যাতিত ব্যক্তির দায়ের করা মামলাটি কোতয়ালি জোনের সহকারি পুলিশ কমিশনারকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

জিল্লু মামলাটি দায়ের করেছিলেন নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইন, ২০১৩ এর ১৫ ধারায়। মামলায় ওসি মঈনুল ও এস আই সালেক ছাড়াও অজ্ঞাতনামা দুই পুলিশ সদস্যকে আসামী করা হয়।
১৯ই মার্চ বিকেল ৪টার দিকে নগরীর সদরঘাট থানার দক্ষিণ নালাপাড়ায় আল ইসলামিয়া হোটেলে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুর রহিম জিল্লুকে মারধর করেন ওসি। মারধরের কারণে জিল্লুর নাক ফেটে গেছে। তার মুখের বিভিন্ন স্থানে জখম হয়েছে । এসময় হোটেলে জিল্লুর স্ত্রী রশ্মিও সেখানে ছিলেন। পরে দুজনকে ধরে সদরঘাট থানায় নিয়ে যাওয়া হয়। তাদের অসামাজিক কার্যকলাপের অভিযোগে আদালতে চালান দেয়ার আদেশ দেন ওসি।

খবর পেয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা থানায় হামলা চালান এবং গাড়ি ভাংচুর করেন। তারা থানা থেকে জিল্লুকে ছিনিয়ে নিয়ে আসেন। আব্দুর রহিম জিল্লু বঙ্গবন্ধু ছবি বিকৃতির অভিযোগে তিনি সংসদ সদস্য এম এ লতিফের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছিলেন। এছাড়াও তিনি বঙ্গবন্ধুর ছবি বিকৃতির প্রতিবাদকারী সংগঠন জাগ্রত ছাত্র যুব জনতার সদস্য সচিব হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন।
এদিকে ওসি মঈনুলকে প্রত্যাহারের আলটিমেটাম দিয়েছে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ। অন্যথায় লাগাতার আন্দোলনেরও হুমকি দিয়েছে সংগঠনটি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন