
নিউজ ডেস্কঃ আজ ভয়াল ২৫ মার্চ । ১৯৭১ সালের এই দিনের মধ্যরাত । অপারেশন সার্চ লাইট নামে রক্তধোয়া সেই ইতিহাসের সাক্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়। স্বাধীনতার সব সংগ্রামের নেতৃত্ব দেয়া এ শিক্ষা প্রতিষ্ঠান এমন দীর্ঘ কালরাতের আর মুখোমুখি হয়নি।
এখনকার তৎকালীন ইকবাল হক বর্তমান সার্জেন্ট জহুরুল হক হল, জগন্নাথ হল, শিক্ষক কোয়ার্টার, কর্মচারীদের বাসস্থানে রাতভর চলে গণহত্যা। আর, ওই রাতে যারা বেঁচে গেছেন, তাদের হৃদয়ের রক্তক্ষরণ আর শ্রদ্ধার চোখে আবারো ফিরে দেখবো একাত্তরের সেই ২৫ শে মার্চকে।
আক্রমণ ছিল অতর্কিত। পরিকল্পিত ঐ ষড়যন্ত্র জুড়ে ছিল হিংস্রতা আর নৃশংসতা। অন্ধকারে তল্লাশি চালানো হয়েছে প্রতিটি কক্ষে। প্রয়োজন নেই পরিচয়ের, তারা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, কর্মচারী। গণহত্যা চলেছে নির্বিচারে।
ওই রাতেই অধিকার আদায় আর মুক্তির আন্দোলনে সক্রিয় শিক্ষকদের হত্যা করা হয় তাদের পরিবারের সামনেই। হলটা যে হিন্দু ছাত্রদের। শুধু ছাত্র না, পাখির মতো গুলি করে মারা হয়েছে কর্মচারীদেরও। ৪৫ বছর পরেও, মাটি মা'র সন্তানের লাশের হিসেব আর ঘটনার বিবরণ এখনো গুমরে কাঁদে এখানে। এসব ভবনের দেয়াল আর প্রাঙ্গণ জুড়ে শহীদদের জানা-অজানা বহু ইতিহাস।
মধ্যরাত থেকে শুরু হয়েছিল গণহত্যা, ধ্বংসযজ্ঞ আর নির্মমতার এক বীভৎস অধ্যায়। বাঙালির জাতির জীবনে নেমে আসা সেই কালরাতটিও এক সময় ভোর হয়েছিল । আর এই ভোর আলোই নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে এনে দিয়েছিল স্বাধীনতা ।