
নিউজ ডেস্কঃ নির্বাচন কমিশনের (ইসি) তীব্র সমালোচনা করে কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী আশঙ্কা প্রকাশ করে বলেছেন, আওয়ামী লীগ সরকারকে ধ্বংস করতেই ‘বিতর্কিত সব’ নির্বাচন করে ষড়যন্ত্র করছে সংস্থাটি।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আজ শুক্রবার বাদ জুম্মা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিক্ষেত্রে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসিকে সবচেয়ে বড় ‘অপদার্থ’ বলেও অভিহিত করেন তিনি।
২২শে মার্চ মঙ্গলবার অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) ভোটের অনিয়মের চিত্র তুলে ধরে কাদের সিদ্দিকী বলেন, “সরকারকে ধ্বংস করতেই তারা এমন ষড়যন্ত্র করে নির্বাচন করেছে । নির্বাচনের দিন হাজার মানুষ গুলিবিদ্ধ হয়েছে। ব্যালট পেপার, ব্যালট বাক্স কাড়াকাড়ি ও ছিনতাই হয়েছে।
এদিন ১২ জনের প্রাণহানির পরও প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, নির্বাচন সুষ্ঠু হয়েছে। এমন নির্বাচন আমরা চাই না। নির্বাচন সুষ্ঠু হওয়া দরকার । সহানীয় সরকার নির্বাচন ভালো হলে যোগ্য লোক নির্বাচিত হবেন মন্তব্য করে তিনি বলেন, তারা খুশি মনে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভা চালাবে। নির্বাচন সুষ্ঠু হলে আমারা আমাদের দেশ ভালোভাবে চালাতে পারব ।
এর আগে বঙ্গবন্ধুর কবরের পাশে বসে ফাতেহা পাঠ ও দোয়া-মোনাজাত করেন কাদের সিদ্দিকী । নির্বাচনে প্রাণহানির দায় সরকার এড়িয়ে যেতে পারে না মন্তব্য করে কাদের সিদ্দিকী বলেন, শিশুকে গলা টিপে হত্যা, মাতৃগর্ভে শিশুর গুলিবিদ্ধ হওয়া, বাংলাদেশ ব্যাংকের টাকা চুরি ও ছোনের ঘরের এক গরীবের টাকা চুরি ঘটনায় সরকারের যেমন দায় দায়িত্ব রয়েছে, তেমনি আছে নির্বাচনে ১২ জনের প্রাণহানিতেও।
তিনি বলেন, আমার রাজনৈতিক পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। স্বাধীন দেশে এখন আমরা মারামারি কাড়াকাড়ি করছি। বঙ্গবন্ধু এটি চাননি।
আমি বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। তার জন্যই দেশের সেবা করার সুযোগ পেয়েছি। আল্লাহ আমার রাজনৈতিক পিতা বঙ্গবন্ধুর সমস্ত গুনাহ মাফ করে তাকে বেহেস্তবাসী করুন- এই দেয়া করেছি ।
নামাজ শেষে কৃষক শ্রমিক জনাতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীর প্রতীক, দলের কার্যনির্বাহী কমিটির সদস্য ফরিদ আহম্মেদ রফিকুল ইসলাম, যুব আন্দোলনের সভাপতি হাবিবুন্নবী সোহেল, ছাত্র আন্দোলনের সভাপতি রিফাতুল ইসলামসহ দলের শতাধিক নেতা-কর্মীকে নিয়ে বঙ্গবন্ধুর কবরে ফাতেহা পাঠ ও দোয়া মোনাজাত করেন তিনি।
পরে একাএকা বঙ্গবন্ধুর কবরের পাশে বসে পবিত্র ফাতেহা পাঠ ও তার আত্মার মঙ্গল কামনায় দোয়া-মোনাজাত এবং কান্নাকাটি করেন কাদের সিদ্দিকী। তিনি বলেন, দীর্ঘদিন ধরেই বঙ্গবন্ধুর বাড়ির মসজিদে জুম্মার নামাজ আদায় ও বঙ্গবন্ধুর কবরে ফাতেহা পাঠ করার ইচ্ছা ছিল। আজ শুক্রবার সে ইচ্ছা পূরণ হয়েছে। এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি।