
নিউজ ডেস্কঃ স্বাধীনতা ও গণহত্যার ৪৫তম বাষির্কীতে মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রজ্বলন করা হলো ৪৫ মশাল। একই সঙ্গে গণহত্যার প্রতিবাদে মোমবাতি মিছিল করা হচেছ ।
শুক্রবার (২৫ মার্চ) রাত ৯টায় এ মশাল প্রজ্বলন ও মোমবাতি মিছিল বের করা হয়।২৫ মার্চ গণহত্যা দিবস ঘোষণা’ স্লোগানে মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা জানাতে একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির আয়োজনে এসব কর্মসূচি পালন করা হয়।মশাল প্রজ্বলনের উদ্বোধন ও আলোর মিছিলে নেতৃত্ব দেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা।
সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, শহীদদের স্মরণে প্রতিবছরই মশাল জ্বালানো হয়। এটি শুধু মশাল নয়, অন্ধকারের বিরুদ্ধে প্রতিবাদ। মশালের আলোর মধ্য দিয়ে বলতে চাই, যারা পাকিস্থানপ্রেমী রয়েছেন, তাদের এদেশে থাকার অধিকার নেই।বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, খালেদা জিয়াসহ যারা শহীদদের সংখ্যা নিয়ে কটুক্তি করছেন, তারা যুদ্ধাপরাধ করছেন। তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, ২৫ মার্চের গণহত্যার জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি এখন সময়ের ব্যাপার। বিভিন্ন দেশে গণহত্যা নিয়ে বিশ্ব নেতারা কথা বললেও বাংলাদেশের গণহত্যা নিয়ে তারা কথা না বলায় বিস্ময় প্রকাশ করেন তিনি।পরে ‘মুক্তিরও মন্দিরও সোপানও তলে’ গানের সঙ্গে ৪৫টি মশাল প্রজ্বলন করা হয়। মশালের আলো থেকে মোমবাতি জ্বালানো হয়। মোমবাতি মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের বৌদ্ধভূমিতে গিয়ে শেষ হয়।