
নিউজ ডেস্কঃ মুক্তিযোদ্ধা অনিল চক্রবর্তী (৬৬)। তিনি ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে যুদ্ধ করেছেন। অথচ জীবন-জীবিকার তাগিদে সেই মানুষটি এখন রিকশাচালক। সারা দিন মাথার ঘাম পায়ে ফেলে যা আয় করেন তা দিয়ে কোনরকমে সংসার চালিয়ে যাচ্ছেন তিনি। তার এ অসময়ে পাশে কেউ নেই।
স্থানীয় এলাকাবাসী বলছে, দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশের মধ্যম গাছবাড়িয়ার ৮নং ওয়ার্ডের বাসিন্দা মুক্তিযোদ্ধা অনিল চক্রবর্তী। অভাবের সংসারে জন্মগ্রহণ করায় ছোটবেলায় লেখাপড়া তার কপালে জোটেনি। নেই কোন মাথা গোঁজার ঠাঁইও। সহায় সম্বল না থাকায় পরিবার নিয়ে অতিকষ্টে থাকেন তিনি অন্যের বাড়িতে। কষ্ট যেন তার নিত্যসঙ্গী। যার মুক্তিবার্তা নং-০২০২০৭০১৬৮ এবং বাংলাদেশ গেজেট নং-৪৪৩৯।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে অনিল চক্রবর্তী দেশত্যাগ করে ভারতের শিলিগুড়ি চলে যান। এরপর প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। তিনি ৭নং সেক্টর কমান্ডার সিরাজুর রহমানের নেতৃত্বে বাগ-বাগিচা, আরঘাটা হাট ও রংপুর রেল স্টেশন এলাকায় পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে তীব্র লড়াই করেন। সোমবার সকালে এক প্রতিক্রিয়ায় মুক্তিযোদ্ধা অনিল চক্রবর্তী ক্ষোভ প্রকাশ করে বলেন, জীবন বাজি রেখে যুদ্ধ করে লাল-সবুজের একটি পতাকা এনেছি। এতে আমার মতো অনেক মুক্তিযোদ্ধাই কিছু পায়নি। বর্তমানে আমি ৫-৬ জনের পরিবার চালাতে গিয়ে বৃদ্ধ বয়সে রিকশা চালাচ্ছি। কোন ভাতাও পাই না। প্রতিদিন রিকশা চালিয়ে ৮০ থেকে ২০০ টাকা আয় করলেও চাল-ডাল ক্রয় করলে আর কিছুই থাকে না। অতি দরিদ্রের কারণে ছেলেমেয়েদের লেখাপড়াও করাতে পারিনি। সামনে জীবনের ঘোর অন্ধকার দেখছি ।