News71.com
 Bangladesh
 28 Jan 17, 10:49 PM
 175           
 0
 28 Jan 17, 10:49 PM

যেকোন অন্যায়ের প্রতিবাদ করা মানুষের গণতান্ত্রিক অধিকার।। জাতীয় কমিটি

যেকোন অন্যায়ের প্রতিবাদ করা মানুষের গণতান্ত্রিক অধিকার।। জাতীয় কমিটি

নিউজ ডেস্কঃ বৃহস্পতিবার তেল-গ্যাস-খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটির আধা বেলা হরতাল চলাকালে সংগঠনটির কর্মীদের ওপর পুলিশ যে দমন-পীড়ন চালিয়েছে, আমরা তার নিন্দা জানাই। বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র, এখানে সংবিধান কার্যকর আছে এবং নিজেকে গণতান্ত্রিক বলে দাবি করে এমন একটা সরকার দেশ পরিচালনা করছে। এ অবস্থায় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, পরিবেশগত ইত্যাদি বিষয়ে সরকারের গৃহীত নীতি ও সিদ্ধান্তের বিরোধিতা করা ও প্রতিবাদ জানানোর অধিকার সব নাগরিক, সংগঠন বা দলের সংবিধান প্রদত্ত অধিকার। তাদের এ অধিকার হরণ করা, তাদের ওপরে বর্বর কায়দায় বল প্রয়োগ করা অন্যায়, অগণতান্ত্রিক ও স্বৈরতান্ত্রিক আচরণ। জাতীয় কমিটির হরতালে শাহবাগে ধাওয়া, কাঁদানে গ্যাস জাতীয় কমিটির হরতাল ছিল একটা শান্তিপূর্ণ কর্মসূচি। কিন্তু পুলিশের সদস্যরা হরতাল পালনকারীদের ওপর কাঁদানে গ্যাস, জলকামান প্রয়োগ করেই ক্ষান্ত হননি, তাঁরা বিনা উসকানিতে জাতীয় কমিটির নেতা-কর্মীদের ওপর নির্মম নির্যাতন চালিয়েছেন। তাঁদের আক্রমণে জাতীয় কমিটির শতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে বয়স্ক নাগরিকও আছেন। তা ছাড়া, পুলিশের সদস্যরা কয়েকজন সংবাদকর্মীকে যেভাবে প্রহার করেছেন, তা বিস্ময়কর। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সময় শারীরিকভাবে আক্রমণ করার মধ্য দিয়ে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জাতিকে কী দেখাতে চেয়েছেন?

সাংবাদিকদের প্রহার করার ঘটনায় পুলিশের একজন উপপরিদর্শককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। কিন্তু এই পদক্ষেপ যথেষ্ট নয়। কারণ, এ ধরনের ‘সাময়িক’ ব্যবস্থায় আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সদস্যদের অকারণে অতিরিক্ত বলপ্রয়োগের মানসিকতার পরিবর্তন ঘটে না। কিন্তু পুলিশের মানসিকতার পরিবর্তনই আগে প্রয়োজন। আমরা দেখে আসছি, সরকারের কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে ভিন্নমত প্রকাশ করার সুযোগ দেওয়া হচ্ছে না। প্রতিবাদমূলক সব কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে দমন-পীড়নের মাধ্যমে। রাজনৈতিক প্রতিপক্ষ শক্তিগুলোকে দমনের কাজে পুলিশকে ব্যবহার করা হচ্ছে অগণতান্ত্রিক পন্থায়। শান্তিশৃঙ্খলা রক্ষার নামে পুলিশের আক্রমণে শতাধিক মানুষ আহত হলে শান্তিশৃঙ্খলার দায়িত্ব পালন করা হয় না, তার উল্টোটাই করা হয়।

জাতীয় কমিটি বৃহস্পতিবার আধা বেলা হরতাল ডেকেছিল রামপাল বিদ্যুৎকেন্দ্র প্রকল্পসহ ‘সুন্দরবনবিনাশী’ সব চুক্তি বাতিল করার দাবিতে। তাদের দাবির সঙ্গে সরকারি অবস্থানের মিল না থাকলেই যে তাদের দাবি জানানোর কর্মসূচিতে দমন-পীড়ন চালাতে হবে, এই মানসিকতা থেকে বেরিয়ে আসা দরকার। কোনো পরিস্থিতিতেই পুলিশের বাড়াবাড়ি আচরণ সমর্থনযোগ্য নয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন