
নিউজ ডেস্কঃ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান বলেছেন, 'আগে বাংলাদেশ রিলিফ নিত, এখন বাংলাদেশ রিলিফ দিচ্ছে। আগে খাদ্যে ঘাটতি ছিল, এখন উদ্বৃত্ত হয়। বর্তমানে বাংলাদেশ ওষুধ, জাহাজসহ অনেককিছু রফতানি করছে। আমাদের প্রোডাক্ট আছে। এগুলোকে ম্যানেজ করার দায়িত্ব আমাদের নতুন প্রজন্মের। আমরা এখন বিশ্বায়নের যুগে বসবাস করছি। এখানে যোগ্যতা না থাকলে, পণ্যের গুণ না থাকলে, গুণগত মান ঠিক না থাকলে কোনকিছুই বাজারে সমাদৃত হবে না। যোগ্যতা দিয়েই টিকে থাকতে হবে।' আজ শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) চতুর্থ গ্রাজুয়েশন উৎসবে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন অধ্যাপক মান্নান। আইবিএ ভবন চত্বরে এ অনুষ্ঠান শুরু হয় সকাল সাড়ে ১০টায়।
গ্র্যাজুয়েটদের উদ্দেশ্যে আব্দুল মান্নান আরও বলেন, 'বাংলাদেশ যখন স্বাধীন হলো, অনেকেই বলেছিল—এ দেশ টিকবে না। এখন বাংলাদেশ ৩৪তম অর্থনৈতিক শক্তির দেশ। ২০২১ সালে সব ঠিক থাকলে তা হবে ২২তম। এর জন্য প্রয়োজন দক্ষতা ও আগ্রহ। আপনি এমবিএ, এমকম যাই পড়েন না কেন, সেটাতে দক্ষ হতে হবে। পাশাপাশি ভাষাগত দক্ষতা, আইটিতে দক্ষতা, কম্পিউটার জ্ঞান, লিডারশিপ, কাজের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ থাকতে হবে। তবে সবচেয়ে বেশি প্রয়োজন যোগাযোগে দক্ষ হওয়া।'
গণঅভ্যুত্থানে শহিদ ড. শামসুজ্জোহাকে স্মরণ করে তিনি বলেন, 'আগে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের বাজেট ছিল ৩০০ কোটি টাকা। সম্প্রতি শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ই ৩৬৪ কোটি টাকার উন্নয়ন বাজেট পেয়েছে। সুতরাং টাকা কোন সমস্যা নয়। প্রয়োজন প্রতিযোগিতা করার মানসিকতা। আপনাদের নিজের সাথে, কলিগের সাথে, বিদেশের সাথে প্রতিযোগিতা করে নিজের যোগ্যতার প্রমাণ দিতে হবে।'বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহম্মদ মিজানউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, ইউজিসির সদস্য ও বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শাহ নওয়াজ আলী।
অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এন্তাজুল হক। স্বাগত বক্তব্য দেন আইবিএর পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সায়েন উদ্দিন আহমেদ। উল্লেখ্য, অনুষ্ঠানে আইবিএ-এর এক্সিকিউটিভ এমবিএ, সান্ধ্যকালীন এমবিএ, দিবাকালীন এমবিএ এবং এমবিএ ফর বিবিএ ক্যাটাগরি থেকে ১২টি ব্যাচের ৪৪৮ জন শিক্ষার্থীর হাতে সনদপত্র তুলে দেয়া হয়। এ ছাড়া প্রত্যেক ব্যাচের প্রথম স্থান অর্জনকারী ১২ জনকে স্বর্ণপদক প্রদান করা হয়। দুপুরে কুষ্টিয়ার লালন একাডেমির তিন শিল্পীর অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।