News71.com
 Bangladesh
 26 Mar 16, 11:43 AM
 808           
 0
 26 Mar 16, 11:43 AM

বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা না থাকলে যুদ্ধাপরাধীদের বিচার হতো না ।। মুক্তিযোদ্ধা রাজা

বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা না থাকলে যুদ্ধাপরাধীদের বিচার হতো না ।। মুক্তিযোদ্ধা রাজা

নিউজ ডেস্কঃ রাজশাহীর মুক্তিযোদ্ধা সফিকুর রহমান রাজা বললেন,দেশের জন্য, স্বাধীনতার জন্য, মানুষের অধিকার আদায়ের জন্য যুদ্ধ করেছি। স্বাধীনতার এতগুলো বছর পর আর চাওয়া-পাওয়ার কিছু নেই। মনের মধ্যে অনেক যন্ত্রণা ছিল স্বাধীনতা বিরোধীরা কীভাবে গাড়িতে পতাকা উড়িয়ে বীরদর্পে রাস্তায় ঘুরে বেড়ায়। তা বন্ধ হয়েছে।

যন্ত্রণা ছিল কীভাবে তারা দম্ভোক্তি করে। কিন্তু সেই কণ্ঠ স্তব্ধ হয়েছে। যন্ত্রণা ছিল কোনোদিনও কি এদের বিচার হবে না, কেউ কি তাদের বিচার করবে না। হ্যা, দীর্ঘদিন পর হলেও হচ্ছে। এখনও বিচার চলছে। তাই আমার আর চাওয়ার কিছু নেই। তবে, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে হয়তো দেশের মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার দেখে মরতে পারতাম না। দ্বিতীয় কেউ এই বিচার করতেন না।

মুক্তিযুদ্ধের ৪৫ বছরে পাওয়া না পাওয়ার অভিব্যক্তিগুলো এভাবেই প্রকাশ করেন রাজশাহীর মুক্তিযোদ্ধা সফিকুর রহমান রাজা। এ সময় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ুও কামনা করেন তিনি।   

১৯৭১র রণক্ষেত্রে শত্রুসেনাদের সঙ্গে সম্মুখ যুদ্ধে অংশ নেওয়ায় এই মুক্তিযোদ্ধা বলেন, অনেকেই এখন যুদ্ধাপরাধীদের বিচারের কথা বলেন। কিন্তু সবই তাদের রাজনৈতিক ছলনা। এর আগে অনেকগুলো বছর ধরে আমরা তাদের কপটতা দেখেছি। মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করতে দেখেছি।

তারা আমাদের পতাকা খামচে ধরতে চেয়েছিল। ভুল পথে নিয়ে যেতে চেয়েছিল দেশকে । প্রধানমন্ত্রী হওয়ার পর শেখ হাসিনার দৃঢ়তা না থাকলে বাংলাদেশে কোনো দিনই যুদ্ধাপরাধীদের বিচার হতো না।

কিন্তু এখন বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন এমন একটা ভাব দেখাচ্ছেন যে, যুদ্ধাপরাধীদের বিচার তারাই এগিয়ে নিয়ে যাচ্ছেন। কিন্তু তাদের এই ধারণা ভ্রান্ত। যুদ্ধাপরাধের বিচার এগিয়ে চলেছে এই সরকারের রাজনৈতিক সিদ্ধান্তে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় অবস্থানের কারণেই।

কোনো চাপের কাছে তিনি মাথা নত করেন নি। যুদ্ধাপরাধীদের বিচার কোনোদিনই শুরু হতো না, যদি এই সরকার ক্ষমতায় না আসত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি এই ব্যাপারে দৃঢ় মনোভাব না নিতেন।

তিনিই যুদ্ধাপরাধের বিচারের জন্য সংসদে আইন পাস করেন। এর মধ্যে দিয়ে নির্বাচনী ইশতেহারে দেশবাসীর কাছে দেওয়া যুদ্ধাপরাধের বিচারের প্রতিশ্রুতি পূরণ করেছেন আওয়ামী লীগ সভানেত্রী ।

কথা বলতে বলতে আবারও একাত্তরের মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন এই লড়াকু সৈনিক। মুক্তিযুদ্ধকালীন ৭নং সেক্টরের চার নম্বর সাব সেক্টর কমান্ডার ছিলেন সফিকুর রহমান রাজা।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের পর শরীরের রক্ত টগবগিয়ে উঠিয়েছিল তার। ওই মুহূর্তেই যুদ্ধে যাওয়ার প্রস্তুতি নিয়ে ফেলেন তিনি।

২৫শে মার্চ রাতে রাজশাহী পুলিশ লাইনসের পেছন থেকে আক্রমণ করে হানাদাররা। ২৮শে মার্চ তারা খবর পান পাকি সেনাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে গিয়ে অনেক পুলিশ সদস্য শহীদ হয়েছেন। ৩১শে মার্চ ৭নং সেক্টরের উইং কমান্ডার ও সহকারী কমান্ডার মেজর নজমুল হক ও ক্যাপ্টেন গিয়াস উদ্দিন চৌধুরী রাজশাহী শহরের কাশিয়াডাঙ্গার রায়পাড়া আমবাগানে অবস্থান নেন। এখান থেকে তাদের নেতৃত্বে ২রা এপ্রিল তিনিসহ অন্য মুক্তিযোদ্ধারা কাঁঠালবাড়িয়ায় প্রতিরক্ষা ব্যুহ তৈরি করেন।

এক প্রশ্নের জবাবে মুক্তিযোদ্ধা সফিকুর রহমান রাজা বলেন, ভারত থেকে উচ্চতর প্রশিক্ষণের পর তাদের ৩০ জনের একটি গেরিলা দলকে আবারও রাজশাহী পাঠানো হয়। ওই গেরিলা দল নিয়ে পাকি বাহিনীকে দাঁতভাঙা জবাব দেন তারা। রাজশাহীর বোয়ালিয়া, পবা, গোদাগাড়ী, তানোর ও মোহনপুরে মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে যুদ্ধ করেন। এই অঞ্চল থেকে পাক হানাদারদের বিতাড়িত করেন। উল্লেখ্য ১৯৭১ সালের ১৮ই ডিসেম্বর শত্রুমুক্ত হয় রাজশাহী। পতাকা উত্তোলন হয় ঐতিহাসিক মাদরাসা মাঠে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন