
নিউজ ডেস্কঃ ২০১৩ সালে বহুলালোচিত পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি-সমর্থক পাঁচ মেয়র পদপ্রার্থী নির্বাচিত হলেও বর্তমানে তিনজনই দায়িত্ব থেকে অপসারিত। এই সিটি করপোরেশনগুলো হচ্ছে যথাক্রমে গাজীপুর, সিলেট ও রাজশাহী। এর মধ্যে গাজীপুর ও রাজশাহী সিটি করপোরেশন ‘ভারপ্রাপ্ত মেয়র’ দিয়ে চালানো হলেও সিলেট চলছে প্রধান নির্বাহী কর্মকর্তা দিয়ে। একই আইনে খুলনা সিটি করপোরেশনের মেয়রকেও অপসারণ করা হয়েছিল; যদিও তিনি উচ্চ আদালতের রায় নিয়ে এখন দায়িত্ব পালন করছেন। এর আগে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ কিংবা পৌরসভায় এ ধরনের পদচ্যুতির ঘটনা ঘটলেও সিটি মেয়রের ক্ষেত্রে এটিই প্রথম। জানা যায় কেবল অপসারণ নয়, কোনো কোনো মেয়রের বিরুদ্ধে সিকি শতকেরও বেশি মামলা দায়ের করা হয়েছে, একাধিক মেয়রকে জিজ্ঞাসাবাদের নামে রিমান্ডে নেওয়া হয়েছে।
একজন নির্বাচিত জনপ্রতিনিধির প্রতি এ ধরনের আচরণ কেবল আইনের অপব্যবহারই নয়, অমানবিকও। গণতান্ত্রিক ব্যবস্থায় এভাবে একজন জনপ্রতিনিধিকে মামলা দিয়ে কাবু করা কিংবা তাঁকে দায়িত্ব থেকে বাদ দেওয়া যায় না। কারও বিরুদ্ধে ফৌজদারি অপরাধের মামলা থাকলে, তার গুণাগুণ বিচার করার দায়িত্ব মাননীয় আদালতের, মন্ত্রণালয়ের নয়। কিন্তু সিটি করপোরেশন আইনের দোহাই দিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় গাজীপুর, সিলেট ও রাজশাহীর মেয়রকে পদচ্যুত করে নিজেই শাস্তি দিয়েছে। সংবিধান অনুযায়ী স্থানীয় সরকার সংস্থাগুলো পরিচালিত হতে হবে নির্বাচিত প্রতিনিধি দিয়ে। আর এই নির্বাচনের উদ্দেশ্য হলো এলাকার উন্নয়নের পাশাপাশি নীতি-পরিকল্পনায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা। কিন্তু নির্বাচিত মেয়রদের দায়িত্ব পালন করতে না দেওয়ার মাধ্যমে সরকার যেমন জনগণের রায়কে অসম্মান করেছে, তেমনি তাদের সেবা থেকেও বঞ্চিত করেছে।
আমাদের পরিষ্কার দাবি—অবিলম্বে উল্লিখিত তিন মেয়রকে স্বপদে পুনর্বহাল এবং তাঁদের বিরুদ্ধে আনীত হয়রানিমূলক সব মামলা প্রত্যাহার করা হোক। নির্বাচিত প্রতিনিধিদের কাজ করতে দিন। সেই সঙ্গে যে আইন জনপ্রতিনিধির স্বার্থ রক্ষা করে না বরং জনগণের রায়ের মর্যাদা হরণ করে, সেই আইনের সংশোধন জরুরি। স্থানীয় সরকার সংস্থাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের এই প্রবণতা বন্ধ না হলে সরকারের অপছন্দের কোনো জনপ্রতিনিধিই কাজ করতে পারবেন না। সে ক্ষেত্রে স্থানীয় সরকার সংস্থাগুলো শুধু একদলীয় প্রতিষ্ঠানেই পরিণত হবে না, নির্বাচনও হয়ে পড়বে অর্থহীন।